ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

ভারত-জিম্বাবুয়ে ফাইনাল চান রাহুল দ্রাবিড়

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপের গত আসরে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। সেই আসরে ভারতের কোচের দায়িত্বে ছিলেন দেশটির সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়। এবারও তিনি ভারতকে ফাইনালে দেখছেন। সুপার এইট শুরুর দিন এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতকে ফাইনালে দেখার পাশাপাশি এই আসরের জায়ান্ট কিলার জিম্বাবুয়েকে ফাইনালে দেখতে চেয়েছেন তিনি।

শিরোপা ধরে রাখার লড়াইয়ে গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ জিতে সুপার এইটে উত্তীর্ণ হয় সূর্যকুমার যাদবের দল। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সুপার এইটের প্রথম ম্যাচে ৭৬ রানের বড় ব্যবধানে হেরে শুরুটা করেছে বাজে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারার একদিন আগে এনডিটিকে দেওয়া সাক্ষাৎকারে এবারের বিশ্বকাপে স্বপ্নের ফাইনাল নিয়ে মতামত দেন। তিনি বলেন, ‘ভারত বনাম যেকোনো দল। তারা সেমিফাইনালে উঠতে পারে এবং তারপর ফাইনালেও যেতে পারে। ভারত বনাম জিম্বাবুয়ে? এটা হলে দারুণ হবে। ভারতের সঙ্গে আমি একটি তুলনামূলকভাবে কম শক্তিশালী দলকে ফাইনালে দেখতে চাই।’

ভারতকে ফাইনালে ইতিমধ্যেই দেখে ফেলেছেন রাহুল দ্রাবিড়। তবে সুপার এইটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৬ রানের বড় পরাজয়ে এখন সবকিছু নতুন করেই ভাবতে হচ্ছে বর্তমান চ্যাম্পিয়নদের।

এদিকে, সুপার এইটে আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে নিজেদের প্রথম ম্যাচ খেলত হবে জিম্বাবুয়ে। তাদের প্রতিপক্ষ আসরের ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।

আইএন