ফেডারেশনগুলোর কাছে এক বছরের প্রতিবেদন চেয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক সোমবার বৈঠক করেছেন ক্রীড়া ফেডারেশনগুলোর সাথে। জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে তিনি খেলাধুলার সার্বিক উন্নয়নে কি করতে হবে সে বিষয়ে সবার কথা শোনেন এবং পরামর্শ দিয়েছেন। আমিনুল হক ফেডারেশনগুলোকে নির্দেশ দিয়েছেন, এক বছরের কার্যক্রমের একটি প্রতিবেদন তৈরি করে জমা দিতে।
সভার পর আমিনুল হক বলেছেন, ‘ফেডারেশনগুলোর সাথে বৈঠকটি অত্যন্ত ইতিবাচক হয়েছে। অনেক বিষয় নিয়ে আমরা আলাপ-আলোচনা করেছি। আগামী দিনের বাংলাদেশের ক্রীড়াঙ্গন আমরা কিভাবে একত্রিত হয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, কিভাবে আমরা একটি ক্রীড়াবান্ধব পরিবেশের মাধ্যমে আমাদের ফেডারেশনগুলোকে স্বাবলম্বী করতে পারি সেসব বিষয়ে আলোচনা করেছি।’
আমিনুল হক আরো বলেছেন, ‘ফেডারেশনের সকল কর্মকর্তার কাছে জানতে চেয়েছি কোথায় কি সমস্যা? গত এক বছরে আমাদের বাংলাদেশের স্পোর্টসের মূল্যায়ন সম্পর্কে আমি তাদের কাছ থেকে একটি রিপোর্ট চেয়েছি। এক বছরে আমাদের স্পোর্টসে কোথায় সফলতা ছিল, কোথায় ব্যর্থতা ছিল এবং কি কি সুযোগ সুবিধা প্রয়োজন ছিল, কি কি সুযোগ সুবিধার অভাব ছিল- সবকিছু মিলিয়ে একটি মূল্যায়নের রিপোর্ট আমি আগামী ৭ দিনের মধ্যে প্রেরণ করতে বলেছি।’
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন, ‘আমরা সিদ্ধান্তে পৌঁছেছি যে, ক্রীড়াঙ্গনের নির্বাচন প্রক্রিয়াটিকে একটি সুন্দর স্বচ্ছভাবে করার জন্য উপজেলা থেকে শুরু করতে চাই। আমরা সেই উপজেলা থেকে নির্বাচনের মাধ্যমে জেলা পর্যায়ের নির্বাচন, বিভাগীয় পর্যায় থেকে শুরু করে শেষ করে ফেডারেশনগুলোর নির্বাচনগুলো আনুষ্ঠানিকভাবে শেষ করতে চাই।’
আরআই/আইএইচএস/