অভিষেককে ফর্মে ফেরানোর উপায় জানা থাকলেও সময় নেই: ভারতীয় কোচ
টি-টোয়েন্টি বিশ্বকাপে বড় আশা ছিল ভারতের ওপেনিং ব্যাটার অভিষেক শর্মার ওপর। যার ক্যারিয়ার স্ট্রাইকরেট দুশোর কাছাকাছি, তার ওপর আশা না রাখার তো কোনো কারণও নেই। কিন্তু গ্রুপ পর্বে ডাকের হ্যাটট্রিক করেছেন তিনি। সুপার এইটে রানের খাতা খুললেও, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৬ রানে পরাজিত হওয়ার ম্যাচে করেছেন মাত্র ১৫ রান।
ডাকের অভিশাপ থেকে মুক্তি মিললেও মোটেও অভিষেকসুলভ হয়নি ইনিংসটি। ভুগছেন প্রচন্ড আত্মবিশ্বাসের খরায়। তবে এই কঠিন পরিস্থিতিকে পেছনে ফেলে কীভাবে রানে ফিরতে পারেন শর্মা, সেটি জানা আছে ব্যাটিং কোচ সিতাংশু কোটাক। যদিও এখন আর কিছুই করার নেই বলে জানিয়েছেন তিনি।
শিরোপা ধরের রাখার মিশনে দেশের মাটিতে বিশ্বকাপ খেলছে ভারত। ঘরের মাঠে আসর হলেও দুশ্চিন্তায় পড়ে গেছে ওপেনার অভিষেক শর্মার ফর্ম নিয়ে। টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে অবস্থান করা এই ব্যাটারেকে রানে ফেরাতে কোনোকিছুর বদল আনা এখন মুশকিল মনে করেন কোটাক। তিনি বলেন, ‘অভিষেক তো আগে আইপিএলেও এমন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে। ১৫ দিন সময় থাকলে না হয় কিছু করা যেত। কিন্তু দু’দিনের মধ্যে তো বেশি কিছু বদলানো যাবে না। যত বেশি বলা হবে, তত ওর মনে সন্দেহ তৈরি হবে। এটাই আমার কোচিং দর্শন।’
এরপরও যদি বদলাতে হয়, তা হলে কী বলতেন অভিষেককে? এমন প্রশ্নের জবাবও দিয়েছেন কোটাক। ভারতের ব্যাটিং কোচ বলেন, ‘ওকে বলতাম, বল দেখে খেলতে। একটু সময় নিতে। শুধু অভিষেক নয়, যে কোনও ব্যাটার খারাপ ফর্মে থাকলে তাকে কম ঝুঁকি নিয়ে খেলতে বলা উচিত। তবেই সে রানে ফিরবে। কিন্তু এখন সেই সময় আর নেই।’
কোচের কথায় স্পষ্ট অভিষেকের সমস্যার সমাধান তার কাছে থাকলেও সেটি সারানোর সময় আপাতত নেই। টানা তিন ম্যাচে রানের খাতা খোলার আগে অভিষেক বিদায় নিলেও তাকে ঘিরে চিন্তার কিছুই নেই বলে জানিয়েছিলেন অধিনায়ক সূর্যকুমার যাদব ও কোচিং স্টাফরা। তার রানে ফেরা কেবল সময়ের অপেক্ষা বলে মন্তব্য করেছিলেন তারা। তবে এবার চতুর্থ ম্যাচেও ব্যর্থতার পর কিছুটা দুশ্চিন্তা দেখে গেছে দলের সবার মাঝে।
সুপার এইটে আরও দুটি ম্যাচ বাকি আছে ভারতের। একটি একটি জিম্বাবুয়ের বিপক্ষে আর অন্যটি ওয়েস্ট ইন্ডিজ। এই দুই ম্যাচে চাপ সামলে খেলা ছাড়া কোনো উপায় নেই বলে জানিয়েছেন কোটাক। তিনি বলেন, ‘চাপ সামলাতে হবে। চাপ সামলেই ভাল খেলতে হবে। আর দুটো ম্যাচ বাকি। যদি এই পর্যায়ে এত বড় দলের ব্যাটার সেই চাপ সামলাতে না পারে, তো আর কবে পারবে? জানি একটা দিন খারাপ গিয়েছে। রোজ রোজ তা হবে না। আমাদের পরের দুটো ম্যাচে ভাল খেলতে হবে। জিততে হবে।’
আইএন