আফিফের সেঞ্চুরিতে সেন্ট্রাল জোনকে উড়িয়ে দিলো সাউথ জোন
বিসিএলের ওয়ানডে আসরের উদ্বোধনী দিনেই দাপুটে জয় তুলে নিয়েছে সাউথ জোন। আফিফ হোসেনের দুর্দান্ত সেঞ্চুরি এবং মোহাম্মদ মিঠুনের ঝোড়ো ফিফটিতে ভর করে ২৬৫ রানের লক্ষ্যটা অনায়াসেই পেরিয়ে গেছে মিরাজ বাহিনী। সেন্ট্রাল জোনের দেওয়া মাঝারি মানের লক্ষ্য তাড়া করতে নেমে সাউথ জোনের জয় আসে ৭ উইকেট হাতে রেখেই।
রাজশাহীতে সোমবার টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন সাউথ জোন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। প্রথমে ব্যাট করতে নেমে সেন্ট্রাল জোনের দুই ওপেনার সাইফ হাসান ও নাঈম শেখ শুরুটা মোটামুটি করলেও দলীয় ৩৪ রানে সাইফ (১৯) বিদায় নেন। এরপর নাঈম শেখ ও মাহফিজুল ইসলাম রবিনের ৯৩ রানের জুটি বড় সংগ্রহের ইঙ্গিত দিচ্ছিল। দুজনেই দেখা পান হাফ-সেঞ্চুরির; নাঈম ৬৯ এবং রবিন ৬৩ রান করেন। শেষ দিকে অধিনায়ক মাহিদুল ইসলাম অঙ্কনের ৬৭ ও ইরফান শুক্কুরের ২৫ রানে ভর করে ৭ উইকেটে ২৬৪ রানের লড়াকু স্কোর গড়ে সেন্ট্রাল জোন।
সাউথ জোনের হয়ে তানভীর ইসলাম ও সৌম্য সরকার ২টি করে উইকেট শিকার করেন। মোস্তাফিজুর রহমান ১০ ওভারে ৩ মেডেনসহ ৪৪ রান দিলেও কোনো উইকেট পাননি।
জবাবে ব্যাট করতে নেমে সাউথ জোনের শুরুটা ভালো ছিল না। সৌম্য সরকার দ্রুত বিদায় নিলেও আনিসুল ইসলাম (৪৩) ও জাওয়াদ আবরার (৪০) প্রাথমিক ধাক্কা সামলে নেন। তবে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন আফিফ হোসেন ও মোহাম্মদ মিঠুন। ১০৮ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পর এই দুই অভিজ্ঞ ব্যাটার মিলে ১৫৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন।
আফিফ হোসেন মাত্র ৮৬ বলে ৮টি চার ও ৫টি ছক্কায় ব্যক্তিগত ১০০ রান পূর্ণ করে অপরাজিত থাকেন। অন্যদিকে মোহাম্মদ মিঠুনও ছিলেন আক্রমণাত্মক, তিনি ৬৫ বলে ৭টি চার ও ৩টি ছক্কায় ৭২ রান করে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।
এসকেডি/আইএন