ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

ছিটকে গেলেন হ্যারি কেইন

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৯:৫৮ এএম, ০৪ এপ্রিল ২০২৬

চোটের কারণে সপ্তাহান্তে বায়ার্ন মিউনিখের হয়ে বুন্দেসলিগার ম্যাচে খেলা হচ্ছে না হ্যারি কেইনের। তবে আগামী সপ্তাহে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে তার খেলার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন কোচ ভিনসেন্ট কোম্পানি।

গোড়ালির চোটে চলতি সপ্তাহে ইংল্যান্ড জাতীয় দলের হয়ে জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচেও মাঠে নামতে পারেননি তিনি। সেই চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় শনিবার ফ্রাইবুর্গের বিপক্ষেও তাকে পাচ্ছে না বায়ার্ন।

আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বায়ার্ন।

সাংবাদিকদের বায়ার্নের কোচ ভিনসেন্ট কোম্পানি বলেন, ‘রবিবার পর্যন্ত হ্যারি ভালোভাবেই অনুশীলন করছিল, কিন্তু জাতীয় দলের সঙ্গে থাকাকালীন তার গোড়ালিতে কিছু সমস্যা অনুভব করে। ফলে আগামীকালের ম্যাচে সে খেলতে পারবে না। তবে মঙ্গলবারের ম্যাচ নিয়ে আমি আশাবাদী।’

বুন্দেসলিগায় বর্তমানে দ্বিতীয় স্থানে থাকা বরুসিয়া ডর্টমুন্ডের চেয়ে ৯ পয়েন্ট এগিয়ে আছে বায়ার্ন, এবং এই সপ্তাহেই টানা দ্বিতীয় শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে তাদের।

তবে বায়ার্নের জন্য দুঃসংবাদ হলো কেইনের পাশাপাশি নিষেধাজ্ঞার কারণে তার বিকল্প ফরোয়ার্ড নিকোলাস জ্যাকসনকেও পাচ্ছে না দলটি।

এদিকে, বায়ার্নের স্পোর্টিং ডিরেক্টর ক্রিস্টোফ ফ্রয়েন্ড নিশ্চিত করেছেন যে, মৌসুম শেষে ক্লাব ছাড়বেন পর্তুগিজ ডিফেন্ডার রাফায়েল গেরেইরো। ইতালিয়ান ক্লাব জুভেন্টাস তাকে দলে নিতে আগ্রহী বলে জানা গেছে।

ডর্টমুন্ড থেকে তিন বছর আগে বায়ার্নে যোগ দেওয়া গেরেইরো ক্লাবটির হয়ে ৮৯ ম্যাচে ১২টি গোল করেছেন।

আইএন