বাড়লো লিটন-মিরাজের অধিনায়কত্বের মেয়াদ
জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে লিটন কুমার দাসের মেয়াদ বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লিটন ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও মিরাজ ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।
আজ শনিবার বোর্ড সভার পর সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত লিটনকে প্রথম দফায় টি-টোয়েন্টি দলের দায়িত্ব দেওয়া হয়। যদিও শেষ পর্যন্ত বিশ্বকাপেই খেলা হয়নি টাইগারদের। পরের বিশ্বকাপেও বাংলাদেশ দলকে তিনিই নেতৃত্ব দিবেন।
মেহেদী হাসান মিরাজের ওয়ানডে অধিনায়ক হিসেবে প্রথম দফায় মেয়াদ ছিল এক বছর। নিজ ও দলের পারফরম্যান্স বিবেচনায় গুঞ্জন ছিল মিরাজ অধিনায়কত্ব হারাবেন।
তবে গত মাসে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ২-১ ব্যবধানে সিরিজ জয়ে পরিস্থিতি বদলেছে। আগামী বছরের অর্থাৎ ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ।
এছাড়া ওয়ানডে দলের সহঅধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও টি-টোয়েন্টি দলের সহঅধিনায়ক সাইফ হাসানেরও একইরকম মেয়াদ বাড়িয়েছে বিসিবি।
এসকেডি/এমএমআর