পিএসএল
শরিফুলের হিসেবি বোলিং, ফের দুর্দান্ত নাহিদ রানা
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দলে আছেন দুইজনই। তাই চাইলেও আর পাকিস্তান সুপার লিগে (পিএসএল) থাকতে পারছেন না শরিফুল ইসলাম আর নাহিদ রানা। ফিরতে হচ্ছে দেশে।
তার আগে গতকাল সোমবার পেশোয়ার জালমির জয়ে বড় অবদান রেখেছেন বাংলাদেশি দুই পেসার। ফাস্ট বোলার নাহিদ রানা ৪ ওভারে ২৪ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। বাঁহাতি পেসার শরিফুল উইকেট না পেলেও ৪ ওভারে দিয়েছেন ২৭ রান।
সবমিলিয়ে ৪ ম্যাচে ৭ উইকেট পেয়েছেন নাহিদ রানা, ওভারপ্রতি তার খরচ মাত্র ৫.৪২ রান! এক ম্যাচ বেশি খেলা শরিফুল পেয়েছেন ২ উইকেট। ওভারপ্রতি দিয়েছেন ৭.৯৩ রান।
আগামীকাল বুধবার দুজনেরই দেশে ফেরার কথা। তার আগে পেশোয়ার জালমিকে শীর্ষে রেখেই এসেছেন।
৬ ম্যাচের ৫টিই জিতে ১১ পয়েন্ট (একটি ম্যাচ পরিত্যক্ত) নিয়ে সবার ওপরে জালমি। সমান ম্যাচে ৪ জয় আর ২ হারে ৮ পয়েন্ট নিয়ে পরের অবস্থানে মুলতান সুলতানস।
এমএমআর