নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: রেকর্ড প্রাইজমানি ঘোষণা আইসিসির
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আসন্ন নারী টি-২০ বিশ্বকাপের জন্য রেকর্ড ৮.৭৬ মিলিয়ন মার্কিন ডলারের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০৫ কোটি টাকা) প্রাইজমানি ঘোষণা করেছে। ইংল্যান্ডে জুন-জুলাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে আগের আসরের তুলনায় ১০ শতাংশ বেশি অর্থ বরাদ্দ করা হয়েছে।
এবারের আসরে দলসংখ্যা ১০ থেকে বাড়িয়ে ১২ করা হয়েছে এবং গ্রুপপর্বের ম্যাচও ২০ থেকে বেড়ে ৩০টিতে উন্নীত হয়েছে।
টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ২.৩৪ মিলিয়ন ডলার, যা আগের আসরের সমান। রানার্স-আপ দল পাবে ১.১৭ মিলিয়ন ডলার। সেমিফাইনালে পরাজিত দুই দল প্রত্যেকে পাবে ৬ লাখ ৭৫ হাজার ডলার। গ্রুপপর্বে প্রতিটি জয়ের জন্য থাকবে ৩১ হাজার ১৫৪ ডলার পুরস্কার।
তবে এবার একটি বড় পরিবর্তন হলো—নকআউট পর্বে উঠতে না পারা দলগুলোর জন্য আলাদা পজিশনভিত্তিক পুরস্কার বাতিল করা হয়েছে। ফলে মাঝামাঝি অবস্থানে থাকা কিছু দল আগের তুলনায় কম অর্থ পেতে পারে।
প্রতিটি দলের জন্য ন্যূনতম অংশগ্রহণ ফি ১১২,৫০০ ডলার থেকে বাড়িয়ে ২৪৭,৫০০ ডলার করা হয়েছে। এতে নকআউট পর্বে পৌঁছানো দলগুলো সবচেয়ে বেশি লাভবান হবে।
সেমিফাইনালে হারা দল পাবে অন্তত ৯২২,৫০০ ডলার, রানার্স-আপ পাবে অন্তত ১,৪১৭,৫০০ ডলার, চ্যাম্পিয়ন দল পাবে কমপক্ষে ২,৫৮৭,৫০০ ডলার।
২০২৩ সালে আইসিসি পুরুষ ও নারী বিশ্বকাপের জন্য সমান পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেয়। এর ফলেই ২০২৪ আসরে পুরস্কার তহবিলে বিশাল বৃদ্ধি দেখা যায়, যা ২.৪৫ মিলিয়ন থেকে বেড়ে ৭.৯৫ মিলিয়ন ডলারে পৌঁছায়।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে চলতি বছরের ১২ জুন, যেখানে স্বাগতিক ইংল্যান্ড মুখোমুখি হবে শ্রীলঙ্কার। উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হবে এজবাস্টনে। ফাইনাল ৫ জুলাই, ঐতিহ্যবাহী লর্ডস স্টেডিয়ামে।
এমএমআর