ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

‘রাতে ঘুমাতে যাওয়ার আগে রোনালদো ভাবে, ইস আমি যদি মেসির মতো হতাম!’

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৯:০৪ পিএম, ০৪ এপ্রিল ২০২৬

ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব চেলসির সাবেক মিডফিল্ডার জো কোলের একটি সাহসী মন্তব্য নতুন করে জ্বালিয়ে দিয়েছে আধুনিক ফুটবলের সবচেয়ে আলোচিত বিতর্ক- কে সেরা, লিওনেল মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনালদো?

চেলসির সাবেক মিডফিল্ডার জো কোল সম্প্রতি টিএনটি স্পোর্টসে কথা বলতে গিয়ে এমন একটি মন্তব্য করেন, যা ফুটবল বিশ্বে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তার দাবি, যত বড় খেলোয়াড়ই হোন না কেন, প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু আক্ষেপ থেকে যায়। আর সেই জায়গা থেকেই তিনি বলেন, ‘আমার মনে হয়, রাতে ঘুমাতে যাওয়ার সময় রোনালদো হয়তো ভাবেন- ইশ, আমি যদি মেসির মতো ভালো হতে পারতাম!’

এই মন্তব্য স্বাভাবিকভাবেই বিতর্ক উসকে দিয়েছে। কারণ, রোনালদোর অর্জনের তালিকাও কম নয়। বহু লিগ শিরোপা, একাধিক উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয় এবং একাধিক ব্যালন ডি’অর- সব মিলিয়ে তিনি নিজেই এক কিংবদন্তি। তবে জো কোলের মতে, মেসির খেলায় যে পূর্ণতা, তা অন্যদের থেকে তাকে আলাদা করে তুলেছে।

দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি আধুনিক ফুটবলকে শাসন করেছেন। বিশেষ করে রিয়াল মাদ্রিদ এবং এফসি বার্সেলোনার হয়ে খেলার সময় তাদের দ্বৈরথ ফুটবলকে নিয়ে গেছে এক নতুন উচ্চতায়। ব্যক্তিগত পুরস্কার, গোলের রেকর্ড- সবকিছুতেই তারা একে অপরকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতায় ছিলেন।

তবে জো কোল মনে করেন, এখন এই বিতর্ক ধীরে ধীরে মেসির দিকেই ঝুঁকছে। বিশেষ করে বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টাইন মহাতারকার ক্যারিয়ার যেন পূর্ণতা পেয়ে গেছে। তার ভাষায়, ‘মেসি এখন সব জিতেছে। এই প্রজন্মের সেরা কে- এই বিতর্কটা সে শেষ করে দিয়েছে। আমি এমন খেলোয়াড় আগে দেখিনি। বল নিয়ে তার দক্ষতা, তার ব্যক্তিত্ব- সবকিছুই অসাধারণ।’

মেসি যখন ফিফা বিশ্বকাপ জিতলেন, তখন অনেকের চোখে সেটাই হয়ে ওঠে তার ক্যারিয়ারের শেষ বড় অর্জন, যা তাকে সর্বকালের সেরা হিসেবে প্রতিষ্ঠিত করার পথ খুলে দেয়। এ প্রসঙ্গে জো কোল আরও একধাপ এগিয়ে বলেন, ‘আমার মতে, সে সর্বকালের সেরা। শুধু পেলেই তার সঙ্গে তুলনায় আসতে পারে। আমি মনে করি, সে দিয়েগো ম্যারাডোনা, রোনালাদো নাজারিও সবার ওপরে উঠে গেছে।’

অবশ্য এমন মন্তব্যে ভিন্নমত থাকাটাই স্বাভাবিক। রোনালদো ভক্তদের কাছে তার পরিশ্রম, ধারাবাহিকতা এবং গোল করার অসাধারণ ক্ষমতা তাকে আলাদা মর্যাদা দেয়। তাই এই বিতর্কের নির্দিষ্ট কোনো শেষ নেই বললেই চলে।

শেষ পর্যন্ত, এই বিতর্কের সৌন্দর্যই হলো এর ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি। কেউ মেসির জাদুকরি দক্ষতা সেরা মনে করেন, আবার কেউ রোনালদোর অদম্য মানসিকতা ও ফিটনেস এগিয়ে রাখেন। তবে একথা নিঃসন্দেহে বলা যায়- এই দুই মহাতারকা এমন এক যুগ সৃষ্টি করেছেন, যা হয়তো আর কখনো ফিরে আসবে না।

আইএইচএস/