মেসি জাদুতে আর্জেন্টিনার জয়
আর্জেন্টিনার জয়ের পথে বাধা হয়ে দাঁড়াতে পারল না বলিভিয়া। দেশের হয়ে মেসির অর্ধশত গোলের সঙ্গে গাব্রিয়েল মেরকাদোর গোলে বলিভিয়ার বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে আর্জেন্টিনা।
বাংলাদেশ সময় বুধবার সকালে আর্জেন্টিনার করদোবায় বিশ্বকাপের বাছাইয়ে মাঠে নামে দু`দল।ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক হয়ে খেলতে থাকে স্বাগতিকরা। ২০ মিনিটে তরুণ মেরকাদোর গোলে এগিয়ে যায় জেরার্দো মার্তিনোর দল। মেসি ফ্রি-কিক পেয়ে সঙ্গে সঙ্গেই বল বাড়ান হিগুয়াইনকে। যদিও নাপোলির এই ফরোয়ার্ড গোল করতে ব্যর্থ হয়। ফিরতি বল পেয়ে হিগুয়াইন বল বাড়ান ফাঁকায় দাড়িয়ে থাকা মেরকাদোকে। সেখানে কোন বাধার মুখে পড়তে হয়নি তাকে। অরক্ষিত জালে গোল করেন এই ডিফেন্ডার।
ম্যাচের ৩০ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। গোলরক্ষক লাম্পে ঠিক দিকেই ঝাপিয়েছিলেন, কিন্তু জোরাল শট রুখতে পারেননি। ফলে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মেসি-হিগুয়েনরা।
বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বারিয়ে দেয় আর্জেন্টিনা। তবে মেসি-হিগুয়েনরা গোলের সহজ কিছু সুযোগ নষ্ট করলে ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়তে হয় স্বাগতিক আর্জেন্টিনাকে।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে এ নিয়ে টানা পাঁচটি ম্যাচ অপরাজিত থাকা আর্জেন্টিনার পয়েন্ট ৫ ম্যাচে ১১।
আরএ/এমআর/এমএস