পেন্টাগনের ‘ঝুঁকি’ তকমা, আদালতে যাচ্ছে এআই কোম্পানি অ্যানথ্রপিক
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যানথ্রপিককে ‘সরবরাহ শৃঙ্খলা ঝুঁকি’ হিসেবে ঘোষণা করেছে। যুক্তরাষ্ট্রের কোনো কোম্পানিকে এভাবে প্রথমবারের মতো ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হলো। এর অর্থ হলো-প্রতিরক্ষা দপ্তর আর মনে করছে না যে কোম্পানিটির এআই প্রযুক্তি সামরিক ব্যবহারের জন্য উপযুক্ত।
বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়-পেন্টাগনের এ ঘোষণার ফলে সরকার মনে করছে, প্রতিষ্ঠানটি তাদের ব্যবহারের জন্য যথেষ্ট নিরাপদ নয়। এর জেরে অ্যানথ্রপিক সিদ্ধান্তটি আদালতে চ্যালেঞ্জ করার প্রস্তুতি নিচ্ছে।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী দারিও আমোদেই বলেন, ‘এই সিদ্ধান্ত আইনি দিক থেকে সঠিক নয় বলে তারা মনে করেন। তাই আদালতে যাওয়া ছাড়া তাদের আর কোনো উপায় নেই।’
পেন্টাগনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ‘সরবরাহ শৃঙ্খলা ঝুঁকি’ ঘোষণাটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
দারিও আমোদেই জানান, প্রতিরক্ষা দপ্তর থেকে পাওয়া চিঠিতে বলা হয়েছে যে এই সিদ্ধান্তের প্রভাব সীমিত পরিসরে প্রযোজ্য। তিনি আরও বলেন, ‘আইনের বিধান অনুযায়ী সরবরাহ শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সর্বনিম্ন সীমাবদ্ধতামূলক ব্যবস্থা নেওয়ার কথা।’
- আরও পড়ুন
বদলে দিচ্ছে কনটেন্টের ধারণা, আয়ের নতুন পথ দেখাচ্ছে এআই
ইউটিউবে এখন কোন ভিডিও ট্রেন্ডে, ট্র্যাক করবেন যেভাবে
অ্যানথ্রপিক এর আগে প্রতিরক্ষা সংস্থাগুলোর কাছে তাদের এআই প্রযুক্তির সম্পূর্ণ প্রবেশাধিকার দিতে অস্বীকৃতি জানিয়েছিল। প্রতিষ্ঠানটির আশঙ্কা ছিল, এসব প্রযুক্তি ব্যাপক নজরদারি বা স্বয়ংক্রিয় অস্ত্র তৈরিতে ব্যবহৃত হতে পারে।
জানা গেছে, সাম্প্রতিক দিনগুলোতে প্রতিষ্ঠানটির সঙ্গে প্রতিরক্ষা দপ্তরের আলোচনা চলছিল, তবে তা কোনো সমাধানে পৌঁছায়নি। এর মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, তিনি সব ফেডারেল সংস্থাকে অ্যানথ্রপিকের প্রযুক্তি ব্যবহার বন্ধ করার নির্দেশ দিচ্ছেন।
পেন্টাগনের এক কর্মকর্তা বলেন, ‘শুরু থেকেই বিষয়টি একটি মৌলিক নীতির সঙ্গে সম্পর্কিত-সেনাবাহিনী যেন আইনসম্মত সব উদ্দেশ্যে প্রযুক্তি ব্যবহার করতে পারে। তিনি আরও বলেন, কোনো সরবরাহকারী প্রতিষ্ঠান সামরিক বাহিনীর আইনসম্মত প্রযুক্তি ব্যবহারে বাধা দিলে তা যুদ্ধক্ষেত্রে ঝুঁকি তৈরি করতে পারে।’
এদিকে প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট জানিয়েছে, তারা প্রতিরক্ষা দপ্তর ছাড়া অন্যান্য গ্রাহকদের জন্য অ্যানথ্রপিকের প্রযুক্তি ব্যবহার চালিয়ে যাবে।
সূত্র: বিবিসি
কেএসকে