কোন অ্যাপ ফোনের চার্জ ফুরাচ্ছে জানাবে গুগল প্লে স্টোর
গুগল প্লে স্টোরে দেখা যাবে কোন অ্যাপ বেশি ব্যাটারি ব্যবহার করছেছবি: সংগৃহীত
স্মার্টফোন ব্যবহারকারীদের একটি সাধারণ অভিযোগ হলো ফোনের ব্যাটারি খুব দ্রুত শেষ হয়ে যায়। অনেক সময় বোঝাই যায় না ঠিক কোন অ্যাপটি অতিরিক্ত চার্জ খরচ করছে। এই সমস্যার সমাধান দিতে নতুন উদ্যোগ নিয়েছে গুগল। এখন থেকে ব্যবহারকারীরা সরাসরি গুগল প্লে স্টোরে দেখতে পারবেন, কোন অ্যান্ড্রয়েড অ্যাপটি স্বাভাবিকের তুলনায় বেশি ব্যাটারি ব্যবহার করছে।
প্লে স্টোরে নির্দিষ্ট কিছু অ্যাপের পাশে বিশেষ সতর্কতা লেবেল যুক্ত করা হবে। যদি কোনো অ্যাপ ডিভাইসে অতিরিক্ত ব্যাটারি ব্যবহার করে, তাহলে তার বিবরণে একটি সতর্কবার্তা দেখা যাবে। সেখানে উল্লেখ থাকবে যে অ্যাপটি উচ্চমাত্রার ব্যাকগ্রাউন্ড কার্যকলাপের কারণে প্রত্যাশার তুলনায় বেশি চার্জ খরচ করতে পারে। এতে ব্যবহারকারীরা অ্যাপ ইনস্টল করার আগেই সম্ভাব্য ব্যাটারি সমস্যার বিষয়ে ধারণা পাবেন।
এই ফিচার চালুর মাধ্যমে গুগল মূলত অ্যাপ ব্যবহারের স্বচ্ছতা বাড়াতে চায়। অনেক অ্যাপ ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন কাজ চালিয়ে যায়। যেমন ডাটা সিঙ্ক, নোটিফিকেশন আপডেট বা লোকেশন ট্র্যাকিং। এসব কার্যকলাপের কারণে ব্যাটারি দ্রুত শেষ হয়ে যেতে পারে। নতুন লেবেল ব্যবস্থার ফলে ব্যবহারকারীরা বুঝতে পারবেন কোন অ্যাপ বেশি শক্তি ব্যবহার করছে এবং প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারবেন।
তবে সব ক্ষেত্রে এই সতর্কতা দেখানো হবে না। কিছু অ্যাপ স্বাভাবিকভাবেই বেশি শক্তি ব্যবহার করে, কারণ তাদের নির্দিষ্ট কিছু ফিচার সবসময় সক্রিয় থাকতে হয়। উদাহরণ হিসেবে অডিও প্লেব্যাক, ফাইল ট্রান্সফার বা লাইভ নোটিফিকেশনভিত্তিক অ্যাপগুলো উল্লেখ করা যায়। একইভাবে ডেলিভারি বা রাইড শেয়ারিং অ্যাপের মতো পরিষেবাগুলোকেও কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হিসেবে ধরা হতে পারে, কারণ এগুলোর কাজের ধরনই ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটির উপর নির্ভরশীল।
ডেভেলপারদের জন্যও নতুন কিছু নির্দেশনা দিয়েছে গুগল। কোম্পানি একটি নির্দিষ্ট মেট্রিক বা মানদণ্ড নির্ধারণ করেছে, যার মাধ্যমে বোঝা যাবে কোনো অ্যাপ অতিরিক্ত শক্তি ব্যবহার করছে কি না। যদি কোনো অ্যাপ নির্ধারিত সীমা অতিক্রম করে, তাহলে ডেভেলপারদের সতর্ক করা হবে এবং সমস্যাটি ঠিক করার জন্য বলা হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে সমাধান না করলে সেই অ্যাপ প্লে স্টোরে কম দৃশ্যমান হতে পারে বা সীমিতভাবে প্রদর্শিত হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, স্মার্টফোনে ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাওয়ার সমস্যাটি দীর্ঘদিন ধরেই ব্যবহারকারীদের ভোগাচ্ছে। তাই অ্যাপের শক্তি ব্যবহারের বিষয়ে আগাম সতর্কতা দেওয়া একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর ফলে ব্যবহারকারীরা যেমন সচেতনভাবে অ্যাপ নির্বাচন করতে পারবেন, তেমনি ডেভেলপাররাও তাদের অ্যাপকে আরও দক্ষ ও শক্তি-সাশ্রয়ী করার দিকে বেশি মনোযোগ দেবেন।
কেএসকে