এখন নোটপ্যাডেও পাবেন ইমেজ সাপোর্ট

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৮:৪৮ এএম, ২২ ফেব্রুয়ারি ২০২৬
ছবি: এআই

স্মার্টফোন সঙ্গে থাকলে এখন টাকা, কিংবা খাতা-কলম কিছুই লাগে না। এক স্মার্টফোনেই বিল পে থেকে শুরু করে বাজারের লিস্ট করা সবই হচ্ছে আঙুলের ছোঁয়ায়। স্মার্টফোনে দ্রুত গতিতে লেখা টাইপ করতে হলে সহজ ও হালকা টেক্সট এডিটর হিসেবে নোটপ্যাডের জনপ্রিয়তা বহুদিনের।

দ্রুত নোট নেওয়া বা ছোটখাটো লেখা সংরক্ষণে এর জুড়ি নেই। আর সেই কারণেই ব্যবহারকারীদের কাছে এর আলাদা কদর রয়েছে। এবার এই পরিচিত সফটওয়্যারেই যুক্ত হতে চলেছে নতুন এক সুবিধা ইমেজ সাপোর্ট। অর্থাৎ ভবিষ্যতে টেক্সট ফাইলের সঙ্গে ছবিও যুক্ত করা যাবে।

এক সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, উইন্ডোজ ১১-এ পরীক্ষামূলকভাবে এই ফিচার পরীক্ষা করা হচ্ছে। অনেকের মনে প্রশ্ন উঠেছে, ছবির মতো অতিরিক্ত ফিচার যুক্ত হলে সফটওয়্যারের পারফরম্যান্সে প্রভাব পড়বে কি না। তবে সূত্রের দাবি, এতে পারফরম্যান্সে প্রভাব খুবই সামান্য হবে। ব্যবহারকারীরা চাইলে সেটিংস থেকে ফিচারটি বন্ধও রাখতে পারবেন।

সময় বদলের সঙ্গে সফটওয়্যারও বদলায় এই বাস্তবতা মেনেই নোটপ্যাডকে ধীরে ধীরে উন্নত করছে মাইক্রোসফট। এখন আর এটি কেবল সাধারণ টেক্সট এডিটর নয়; সাম্প্রতিক আপডেটে টেক্সট বোল্ড বা ইটালিক করা, এমনকি বাইরের লিঙ্ক যুক্ত করার মতো সুবিধাও যোগ হয়েছে।

একসময় ওয়ার্ডপ্যাডে ছবিসহ নানা উন্নত ফিচার থাকলেও সেটি বিদায় নিয়েছে। ফলে মাঝামাঝি স্তরের সহজ অথচ কার্যকর টুলের জায়গাটা ফাঁকা হয়ে যায়। ধারণা করা হচ্ছে, সেই শূন্যস্থান আংশিক পূরণ করতেই নোটপ্যাডকে ধীরে ধীরে আরও সমৃদ্ধ করা হচ্ছে।

ইমেজ সাপোর্ট ফিচারটি আনুষ্ঠানিকভাবে কবে প্রকাশ করা হবে, তা এখনও ঘোষণা করা হয়নি। তবে পরীক্ষামূলক ফলাফল ইতিবাচক হওয়ায় ব্যবহারকারীরা খুব শিগগিরই নতুন অভিজ্ঞতার আশা করতেই পারেন।

আরও পড়ুন
ডিজিটাল ডিভাইস শিশুর জন্য যেন মরণফাঁদ
ব্যবহারকারীকে ভুল স্বাস্থ্য তথ্য দিয়ে বিতর্কে গুগল এআই

কেএসকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।