আবদাল আহমদ প্রধান তথ্য কর্মকর্তা হওয়ায় ডিআরইউর অভিনন্দন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:২১ পিএম, ২৭ এপ্রিল ২০২৬
সৈয়দ আবদাল আহমদ/ছবি: সংগৃহীত

সরকারের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) হিসেবে নিযুক্ত হওয়ায় বিশিষ্ট সাংবাদিক সৈয়দ আবদাল আহমদকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। তিনি সংগঠনটির স্থায়ী সদস্য এবং আজীবন সম্মাননাপ্রাপ্ত।

সোমবার (২৭ এপ্রিল) ডিআরইউর কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি আবু সালেহ আকন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জাফর ইকবাল এ শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

ডিআরইউ নেতারা বলেন, আবদাল আহমদ দেশের সাংবাদিকতা জগতের এক উজ্জ্বল নক্ষত্র। তার বর্ণাঢ্য কর্মজীবন, অভিজ্ঞতা ও পেশাদারিত্ব তথ্য অধিদপ্তরের কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধ করবে। তিনি জাতীয় প্রেসক্লাবের দুবারের নির্বাচিত সাধারণ সম্পাদক এবং ১৯৯২-৯৬ মেয়াদে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপ-প্রেস সচিব (উপ-সচিব পদমর্যদা) হিসেবেও দায়িত্ব পালন করেন। আবদাল আহমদ অনুসন্ধানী রিপোর্টের জন্য ১৯৮৯ সালে মর্যদাপূর্ণ ফিলিপস পুরস্কার, এসকাপ-এফইজেবি পুরস্কার ও ২০২৫ সালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির আজীবন সম্মাননা লাভ করেন।

নেতারা আরও বলেন, একজন দক্ষ এবং অভিজ্ঞ কলমযোদ্ধা হিসেবে সরকারের প্রধান তথ্য কর্মকর্তার দায়িত্ব পালনের মাধ্যমে তিনি রাষ্ট্র ও গণমাধ্যমের মধ্যে সেতুবন্ধন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। ডিআরইউ তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নতুন কর্মস্থলে উত্তরোত্তর সাফল্য কামনা করছে।

রোববার (২৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে সচিব পদমর্যাদায় (গ্রেড-১) আবদাল আহমদকে প্রধান তথ্য কর্মকর্তা পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়।

এনএইচ/একিউএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।