একদিনে চার সাংবাদিকের ওপর হামলা : বিএফইউজের বিচার দাবি


প্রকাশিত: ০৪:১৩ পিএম, ০৯ এপ্রিল ২০১৭

একদিনে দেশের তিন জেলায় চার সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সভাপতি শওকত মাহমুদ ও মহাসচিব এম আবদুল্লাহ।

জানা যায়, পেশাগত দায়িত্ব পালনকালে শনিবার মাদারীপুরের কালকিনিতে দৈনিক যায়যায়দিন প্রতিনিধি শহীদুল ইসলামকে গাছের সঙ্গে বেঁধে বর্বরোচিত কায়দায় নির্যাতন করে দুর্বৃত্তরা। একইদিন সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত দুই সাংবাদিক নেতা সরদার আব্বাস আলী ও নবীউল আলমকে লাঠিসোটা দিয়ে পিটিয়ে গুরুতর জখম করা হয়। প্রায় একই সময় বগুড়ায় সন্ত্রাসী হামলার শিকার হন এটিএন বাংলার ক্যামরাম্যান আজিজুল হাকিম।

এক বিবৃতিতে সাংবাদিক নেতৃদ্বয় ক্ষোভ প্রকাশ করে বলেন, ২৪ ঘণ্টায় দেশের তিন প্রান্তে আলাদা ঘটনায় চারজন কর্মরত সাংবাদিক নির্যাতিত হওয়ার ঘটনা প্রমাণ করে সাংবাদিকরা কতটা নিরাপত্তাহীনতায় পেশাগত দায়িত্ব পালন করছেন।

কালকিনির ঘটনায় সাংবাদিক শহীদুল ইসলামকে গাছের সঙ্গে বেঁধে নির্মমভাবে নির্যাতন করেই সন্ত্রাসীরা ক্ষ্যান্ত হয়নি, তাকে বানোয়াট চাঁদাবাজির মামলায় পুলিশ দিয়ে আটক করিয়ে জেলহাজতে পাঠিয়েছে। তাকে চিকিৎসার সুযোগ পর্যন্ত দেয়া হয়নি। তিনটি ঘটনায়ই সন্ত্রাসীরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সরকারি দলের সঙ্গে জড়িত বলে জানা গেছে।

এফএইচএস/বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।