শিপিং প্রতিষ্ঠানে চুরির ঘটনায় গ্রেফতার তিন, টাকা-ডলার জব্দ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৫:২৮ পিএম, ০৩ এপ্রিল ২০২৬
শিপিং প্রতিষ্ঠানে চুরির ঘটনায় গ্রেফতার তিনজন/ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরে শিপিং প্রতিষ্ঠানে চুরির ঘটনায় জড়িত অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে চুরি যাওয়া ৫ লাখ ৯২ হাজার টাকা ও ২ হাজার মার্কিন ডলার।

শুক্রবার (৩ এপ্রিল) চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডবলমুরিং মডেল থানা পুলিশ জানায়, গত ১৯ ফেব্রুয়ারি আগ্রাবাদ মোড়ের বিএম হাইটস ভবনের তৃতীয় তলায় অবস্থিত নবাব অ্যান্ড কোম্পানি ও এনসি শিপিংয়ের কার্যালয়ে চুরি হয়। দুর্বৃত্তরা জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে বিভিন্ন কক্ষ তছনছ করে এবং লকার ভেঙে বিপুল পরিমাণ অর্থ, তিনটি এফডিআর সনদ ও সিসিটিভির ডিজিটাল ভিডিও রেকর্ডার (ডিভিআর) নিয়ে যায়। এ ঘটনায় পরদিন থানায় মামলা করা হয়।

তদন্তে নেমে পুলিশ প্রথমে মো. শাওনকে (২৩) গ্রেফতার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরে মো. হৃদয় (২০) ও মো. রাসেলকে (২৩) গ্রেফতার করা হয়। এরপর তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে চক্রের আশ্রয়দাতা হিসেবে মো. ইমাম হোসেনকে (৪৪) আটক করা হয়।

পুলিশ বলছে, পরিকল্পিতভাবে ভবনের পেছন দিক দিয়ে উঠে জানালার গ্রিল কেটে কার্যালয়ে প্রবেশ করে চক্রটি। পরে লকার ভেঙে নগদ অর্থসহ মূল্যবান সামগ্রী নিয়ে যায়। চুরির পর একটি নির্জন কক্ষে বসে তারা অর্থগুলো নিজেদের মধ্যে ভাগ করে নেয়।

গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে পৃথকভাবে ২ লাখ ৫০ হাজার, ৩ লাখ ও ৪২ হাজার টাকা জব্দ করা হয়। এছাড়া তাদের কাছ থেকে মোট ২ হাজার মার্কিন ডলারও জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, চক্রটির হোতা মনির হোসেন এখনো পলাতক। তাকে গ্রেফতার এবং চুরি হওয়া বাকি অর্থ জব্দে অভিযান অব্যাহত রয়েছে।

এমআরএএইচ/একিউএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।