ভোট দিতে আজও বাড়ি ফিরছেন অনেকে, ভোগান্তি নেই

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫০ এএম, ১১ ফেব্রুয়ারি ২০২৬
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, ছবি: জাগো নিউজ

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোট দিতে বুধবারও (১১ ফেব্রুয়ারি) গ্রামে ফিরছেন মানুষ। সকাল থেকে রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল ও আশেপাশের এলাকা ঘুরে দেখা গেছে, বাসে অনেকেই রাজধানী ছাড়ছেন। 

তবে মঙ্গলবারের মতো যাত্রীদের ভিড় নেই। গতকাল সায়েদাবাদ টার্মিনালে যাত্রীদের উপচেপড়া ভিড় ছিল, ছিল বাসের সংকট। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ তুলেছিলেন যাত্রীরা। 

বুধবার সকাল থেকে সায়দাবাদ বাস টার্মিনাল, জনপথ মোড়, উত্তর যাত্রাবাড়ী, দোলাইপার, শনির আখড়া, রায়েরবাগ এলাকা ঘুরে দেখা গেছে, যাত্রীরা আসছেন নির্বিঘ্নে বাসে উঠছেন চলে যাচ্ছেন। অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ নেই যাত্রীদের।

এসব স্থানে কুমিল্লা, বরিশাল, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, হাজীগঞ্জ, চট্টগ্রাম, লাকসাম, খুলনা, সিলেট, লক্ষ্মীপুরসহ বিভিন্ন গন্তব্যের বাস দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

কাউন্টারের কর্মী ও বিভিন্ন গন্তব্যের বাসের স্টাফরা যাত্রীদের ডাকাডাকি করছেন।

তিশা কাউন্টারের কর্মী মোহাম্মদ শাহাবুদ্দিন জনপথ মোড়ের দিকে যাত্রীদের ডাকাডাকি করছিলেন। তিনি বলেন, আজকে যাত্রী খুবই কম। অনেক গাড়ি না ভরেই ছেড়ে যাচ্ছে। 

তিনি বলেন, গতকালকে যে যাত্রী দেখছি তা কোনো ঈদের সময় ও দেখি নাই। কাল সারারাত সায়েদাবাদ থেকে গাড়ি ছেড়ে গেছে। 

পর্যাপ্ত গাড়ি থাকায় যাত্রীদেরও বাসের কর্মীদের সঙ্গে ভাড়া নিয়ে দর কষাকষি করতে দেখা গেছে।

রবিউল ইসলাম বরিশালের পিরোজপুর যাবেন। তিনি বলেন, সাধারণ সময়ের ভাড়া ৫০০ টাকা। একটু দামাদামি করছি যদি কিছুটা কমিয়ে নেওয়া যায়।

আব্দুর রহমান লক্ষ্মীপুর যাবেন। জেলার রায়পুর উপজেলায় তার বাড়ি। তিনি সেখানকার ভোটার। ভোট দেওয়ার জন্য বাড়ি যেতে সায়েদাবাদ এসেছেন।

আব্দুর রহমান বলেন, আমি থাকি খিলগাঁও। এখানে ব্যবসা করি। কালকে ভিড়ের কথা শুনে আসি নাই। আজকে এসে দেখি বেশ ভালো। পর্যাপ্ত গাড়ি আছে। ভাড়াও মোটামুটি আগের মতোই।

বেলা বাড়ার সঙ্গে যাত্রীদের সংখ্যাও বাড়ছে বলে জানিয়েছেন আজাবাদের বাস কাউন্টারের কর্মীরা।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হবে। ভোট উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধ ও বৃহস্পতিবার) ছুটি থাকবে। এরপর ১৩ ও ১৪ ফেব্রুয়ারি (শুক্র ও শনিবার) দুই দিন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক ছুটি। সেই হিসেবে ১১ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চারদিন ছুটি কাটাবেন সরকারি চাকরিজীবীরা।

আরএমএম/এসএনআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।