চট্টগ্রাম-১৪ আসন

রেজাল্ট শিটে অগ্রিম স্বাক্ষর: প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬
প্রত্যাহার হওয়া প্রিসাইডিং কর্মকর্তা ফরিদুল আলম/ছবি: সংগৃহীত

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া) আসনে ফলাফলের তালিকায় অগ্রিম স্বাক্ষর নেওয়ার দায়ে ফরিদুল আলম নামের এক প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ওই আসনের উত্তর সাতকানিয়া আলী আহমদ প্রাণহরি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

ওই ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ফরিদুল আলম রেজাল্ট শিটে অগ্রিম স্বাক্ষর নিয়েছেন— এমন খবরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় সেনাবাহিনীর একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। ঘটনার পরপরই কিছুক্ষণ ভোটগ্রহণ বন্ধ রাখা হয়। পরে দায়িত্বরত সহকারী রিটার্নিং কর্মকর্তা খন্দকার মাহমুদুল হাসান ঘটনাস্থলে পৌঁছে প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার করে নিলে বেলা দেড়টার দিকে পুনরায় ভোটগ্রহণ শুরু।

প্রত্যাহার হওয়া প্রিসাইডিং কর্মকর্তা ফরিদুল আলম জানান, ভোট শেষে ফলাফলের তালিকা তৈরিতে ঝামেলায় পড়তে হয়। এ কারণে তিনি আগেভাগে ফলাফলের তালিকায় স্বাক্ষর নিয়েছেন। খারাপ উদ্দেশ্যে এ কাজ করেননি।

ওই আসনের ধানের শীষের প্রার্থী জসিম উদ্দিন জানান, ফলাফলের তালিকায় অগ্রিম স্বাক্ষর নিয়ে প্রিসাইডিং কর্মকর্তা অপরাধ করেছেন। এ কারণে ভোট কেন্দ্রে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল।

এমডিআইএইচ/এমএমকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।