পিলখানায় গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরের অফিসার্স কোয়ার্টার থেকে বিবি হালিমা (১১) নামে এক গৃহকর্মীর গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) মারুফ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, আমরা খবর পেয়ে বিজিবি সদর দপ্তরের অফিসার্স কোয়ার্টার উপল সি/১-এর উত্তর-পূর্ব কোণের বাথরুমের ভেন্টিলেটরের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো মরদেহটি উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ঢাকা মেডিকেলে পাঠানো হয়।
তিনি আরও বলেন, আশপাশের লোকের মুখে জানতে পারি- শরিফুল ইসলাম নামে এক কর্মকর্তার বাসার গৃহকর্মী ছিল হালিমা। আজ দুপুর ২টার দিকে বাথরুমের দরজা বন্ধ করে ভেন্টিলেটরের লোহার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয় সে।
এসআই মারুফ হোসেন বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহত হালিমা কামরাঙ্গীরচরের ভান্ডারীর মোড় এলাকার শাহ আলমের মেয়ে।
কাজী আল-আমিন/বিএ/এএসএম