এলজিআরডি প্রতিমন্ত্রী
কড়াইল বস্তিতে ফ্যামিলি কার্ড বিতরণে তথ্য সংগ্রহ চলছে
রাজধানীর কড়াইল বস্তিতে ফ্যামিলি কার্ড বিতরণের লক্ষ্যে তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী (এলজিআরডি প্রতিমন্ত্রী) মীর শাহে আলম। রোববার (১ মার্চ) কড়াইল বস্তি পরিদর্শনে গিয়ে তিনে এ কথা জানান। এ সময় তার সঙ্গে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড প্রদানের লক্ষ্যে কড়াইল বস্তি এলাকায় তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে, আমরা তথ্য সংগ্রহ কার্যক্রম পরিদর্শন করলাম। প্রাপ্য ব্যক্তিরা বিনামূল্যে ফ্যামিলি কার্ড পাবেন এবং সরাসরি তাদের হিসাবে অর্থ পাঠানো হবে। এ বিষয়ে কাউকে কোনো ধরনের ঘুষ না দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।
তিনি আরও বলেন, এলাকার লেক ও ফুটপাতসমূহ ঘুরে দেখা হচ্ছে এবং ধাপে ধাপে মশামুক্ত পরিবেশ ও দখলমুক্ত ফুটপাত নিশ্চিত করা হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
পরিদর্শনের সময় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকসুদ জাহেদী, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রকিবুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএমএ/এএমএ