জ্বালানি সংকট মোকাবিলায় মন্ত্রী পর্যায়ের কমিটি গঠন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪৫ পিএম, ০৫ মার্চ ২০২৬
মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি/ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে সম্ভাব্য জ্বালানি সংকটের প্রভাব মোকাবিলায় সরকার মন্ত্রী পর্যায়ের কমিটি গঠন করেছে। এর প্রধান করা হয়েছে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে।

বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিসভার বৈঠকে এই কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রী কোনো নির্দেশনা দিয়েছেন- সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে সচিব বলেন, ‘অনেকগুলো নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেই বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয় কার্যক্রম শুরু হয়েছে। উনি (প্রধানমন্ত্রী) যেটা করেছেন, লাইট ব্যবহার অর্ধেক করে দিয়েছেন। বলেছেন, কোনো ব্লাইন্ড পর্দা থাকবে না, তাহলে যথেষ্ট পরিমাণ সানলাইট (সূর্যের আলো) আসবে। বাথরুমের লাইট সাধারণত জ্বালানো থাকে, এগুলো থাকবে না। করিডরে এনার্জি সেভিংস লাইট লাগাতে বলেছেন।’

এসি চালানোর ব্যাপারে নাসিমুল গনি বলেন, ‘এসির বিষয়ে (প্রধানমন্ত্রী) বলেছেন, অবৈধ এসি থাকলে বন্ধ করে দিতে হবে। ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে কোনো এসি চলবে না।’ 

মসজিদ ও মন্ত্রীদের কার্যালয়ের এসির বিষয়ে কী নির্দেশনা, তা জানতে চাইলে তিনি বলেন, ‘এটা সবার জন্যই প্রযোজ্য। সরকারি সব অফিস-আদালত, সবার জন্য।’

এসি ২৫ ডিগ্রির ওপর রাখার ঘোষণা আগে দেওয়া হলেও পরে বাস্তবায়ন হয়নি। এখনো বাস্তবায়ন না হলে কী করবেন- এমন প্রশ্নের উত্তরে সচিব বলেন, ‘বাস্তবায়নের জন্য এবার কমিটি করে দেওয়া হচ্ছে। তারা যাবে, সেগুলো কার্যকর করবে। এখন আমাদেরও তো জাতিগতভাবে কিছু উন্নয়ন হতে হবে। আমাদের সব মানতে হবে।’

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়েছে জানিয়ে সচিব বলেন, ‘এনার্জি এখন তো সারা বিশ্বেরই একটা সমস্যা। এই যুদ্ধ যদি দীর্ঘায়িত হয় তাহলে আমরা বেশ সমস্যায় পড়ে যাবো। তো এটার জন্য আমাদের মন্ত্রী পর্যায়ে একটি কমিটি করা হয়েছে, যাতে এই ক্রাইসিস কীভাবে মোকাবিলা করা যায়।’

কমিটির প্রধান কে- সাংবাদিকদের পক্ষ থেকে এমন প্রশ্ন করা হলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘অর্থমন্ত্রী। মূলত আর্থিক ব্যাপারগুলো দেখবেন উনি।’

এমএএস/একিউএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।