মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
দেশে জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তার আশঙ্কায় ‘প্যানিক বায়িং’য়ের প্রবণতা দেখা দিয়েছে। এর ফলে মাঝরাতেও রাজধানীর বিভিন্ন এলাকায় পেট্রোল পাম্পে মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। অনেকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে তেল নিচ্ছেন।
শনিবার (৭ মার্চ) দিনগত রাত ৩টার দিকে সরেজমিনে রাজধানীর কয়েকটি পাম্প ঘুরে এমন চিত্র দেখা গেছে।
পাম্প সংশ্লিষ্টরা বলছেন, দিনরাত ভিড় থাকছেই৷ তবে সন্ধ্যার তুলনায় এখন ভিড় কিছুটা কম।একসঙ্গে অনেক মানুষ তেল নিতে আসায় চাপ তৈরি হয়েছে। অনেক ক্ষেত্রে সরবরাহ স্বাভাবিক থাকলেও অতিরিক্ত চাহিদার কারণে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে গ্রাহকদের।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে এরই মধ্যে আমদানিনির্ভর অনেক দেশে জ্বালানিতে প্রভাব পড়তে শুরু করেছে। বাংলাদেশেও জ্বালানি সংকট তৈরি হতে পারে—এ ধরনের আশঙ্কা রয়েছে পাম্পে ভিড় করা অনেক ক্রেতার মাঝে।
চালকদের অনেকেই বলছেন, এখন যে কোনো সময় পাম্পে তেল পাওয়া কঠিন হয়ে যেতে পারে—এমন আশঙ্কা থেকেই তারা গাড়িতে তেল নিয়ে রাখছেন।
হৃদয় আহমেদ নামের একজন ক্রেতা বলেন, বাইকে যা তেল ছিল গত তিনদিন চলেছি৷ এখন তেল শেষ পর্যায়ে। এখন তেল না নিলে আর বাইক চালাতে পারবো না। গত কয়েকদিন ভিড়ের কারণে নিতে পারিনি৷ আজ না নিয়ে আর উপায় নেই৷
আরেক মোটরসাইকেল চালক শুভ বলেন, সবাই বলছে কয়েকদিন পর নাকি তেল পাওয়া যাবে না। এজন্য নিতে এলাম৷ বাইক ছাড়া চলাচল কষ্টকর। তেল নিতেই হবে।

শনিবার বিকেলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, দেশে তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
গত ২৮ অক্টোবর ইরানে যৌথ হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এরপর গোটা উপসাগরীয় অঞ্চলে দ্রুত এর উত্তাপ ছড়িয়ে পড়ে। এতে ওইসব দেশগুলো থেকে জ্বালানি রপ্তানি ঝুঁকির মুখে পড়ে।
এনএস/এমকেআর