রাজধানীতে যানবাহনে ধীরগতি, নেই গাড়ির জটলা
পবিত্র রমজান উপলক্ষে সরকারি অফিস-আদালত ও ব্যাংকের কার্যক্রম পরিচালনায় নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। সরকার নির্ধারিত সময় অনুযায়ী সপ্তাহের প্রথম কর্মদিবসে রোববার (৮ মার্চ) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহন চলাচলে কিছুটা ধীরগতি লক্ষ্য করা গেছে। তবে কোথাও গাড়ির জটলা ও দীর্ঘ যানজটের চিত্র চোখে পড়েনি।
রোববার রাজধানীর কল্যাণপুর, শ্যামলী, কলেজগেট, আসাদগেট এলাকা সরেজমিনে ঘুরে দেখা গেছে, এদিন সকাল থেকেই বিভিন্ন বাসপয়েন্টে এসে উপস্থিত হতে থাকেন অফিসগামীসহ নির্ধারিত গন্তব্যে যাতায়াতকারী সাধারণ মানুষ। গন্তব্যগামী বাসের দেখা মিললেই যে যার মতো গাড়িতে উঠছেন। ভেতরে জায়গা না হওয়ায় অনেক যাত্রীকে গণপরিবহনের গেটে ঝুলতে দেখা গেছে। সড়কে গণপরিবহনের পাশাপাশি নিজস্ব পরিবহনের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
এদিকে সড়কের যানজট নিরসনে গাড়িগুলোকে চলন্ত রাখতে ট্রাফিক সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।
রাজধানীর সড়কে যানবাহনের চলাচল ছিল স্বাভাবিক/ছবি: জাগো নিউজ
এদিকে পরিবহন শ্রমিকেরা বলছেন, সকালের শুরুতে যানজট না থাকলেও বেলা বাড়লে কোথাও কোথাও যানজট বাড়তে পারে। একই সঙ্গে অফিসের শেষ সময়ে রাজধানীর সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয় বলেও জানান তারা।
পরিস্থান পরিবহনের একটি বাসের চালকের সহকারী বলেন, এখনো রাস্তায় খুব একটা যানজটে পড়তে হয়নি। গাড়িতে গতি কম থাকলেও চলন্ত অবস্থায় আছে। তবে বেলা বাড়লে যানজট বাড়বে, বিশেষ করে ইফতারের আগে দীর্ঘ যানজট হয়।
এদিকে গণপরিবহনের গেটে ঝুলেই গন্তব্যগামী মেহেদী হাসান বলেন, গাড়ির ভেতরে যাওয়ার কোনো পরিস্থিতি নেই। যদি ফাঁকা গাড়ির অপেক্ষায় থাকি তাহলে অফিস পৌঁছাতে পারবো না। তাই যেকোনো পরিস্থিতিতে অফিস যেতে পারলেই হচ্ছে।
গত ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি অফিসের সময় ছিল সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। কিন্তু পরদিন ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে রমজান শুরু হওয়ায় নতুন সময়ে চলছে সরকারি অফিস-আদালত-ব্যাংক। পুরো রমজান মাস সরকারি অফিস সকাল ৯টা থেকে শুরু হয়ে চলবে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।
উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদনের পর গত ৮ ফেব্রুয়ারি হিজরি ১৪৪৭ (২০২৬ খ্রিস্টাব্দ) সালের পবিত্র রমজান মাসে সেহরি ও ইফতারের সময় বিবেচনায় সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিস সময়সূচি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
রমজানে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। সাপ্তাহিক ছুটি থাকবে যথারীতি শুক্র ও শনিবার।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ব শিল্পপ্রতিষ্ঠান, কলকারখানা এবং অন্যান্য জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান নিজস্ব আইন/বিধি অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে। সুপ্রিম কোর্ট ও এর আওতাধীন সব কোর্টের সময়সূচি সুপ্রিম কোর্ট নির্ধারণ করবে। ইতিমধ্যে রমজানে অফিস সময় নির্ধারণ করে তারা আদেশ ও বিজ্ঞপ্তি জারি করেছে।
বাসের ভেতরে বসার জায়গা না পাওয়ায় অনেককেই গেটে ঝুলতে দেখা গেছে/ছবি: জাগো নিউজ
রমজানে নিম্ন আদালতের কোর্ট ও অফিসের জন্য সময়সূচি নির্ধারণ করে গত ১১ ফেব্রুয়ারি বিজ্ঞপ্তি জারি করে সুপ্রিম কোর্ট প্রশাসন।
সেখানে বলা হয়, রমজান মাসে সপ্তাহের রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আদালতের কার্যক্রম চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। এছাড়া অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। উভয় ক্ষেত্রে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।
অন্যদিকে রমজান মাস উপলক্ষে দেশের ব্যাংকগুলোর অফিস ও লেনদেন কার্যক্রম পরিচালনার সময়সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। সিদ্ধান্ত অনুযায়ী, রমজানে ব্যাংক লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। আর অফিস কার্যক্রম চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
গত ১০ ফেব্রুয়ারি জারি করা সার্কুলারে জানানো হয়, দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। এ সময়ের মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের জন্য বিরতি থাকবে। তবে এই বিরতির সময়েও বিকল্প ব্যবস্থায় গ্রাহকসেবা ও লেনদেন চালু রাখতে হবে।
কেআর/এমএমকে