শুল্ক ফাঁকি দিয়ে বিদেশ থেকে সোনা নিয়ে আসতেন রাসেল, বিমানবন্দরে আটক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:২৪ পিএম, ১৪ মার্চ ২০২৬
শাহজালাল বিমানবন্দরে স্বর্ণালংকারসহ আটক রাসেল আহমেদ/ছবি সংগৃহীত

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪৯৮ গ্রাম স্বর্ণালংকারসহ রাসেল আহমেদ (২৯) নামের একজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। তার কাছ থেকে ছয়টি মোবাইল ফোন ও তিনটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আজ সকালে বিমানবন্দরের আগমনী ক্যানোপি-১ এর বাইরে থেকে রাসেল আহমেদকে আটক করা হয়। পরে তার কাছে থাকা কাঁধব্যাগ থেকে স্বর্ণালংকার ও ইলেকট্রনিকস ডিভাইস উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য এক কোটি ৬ লাখ ৪১ হাজার ৯১০ টাকা।

জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে তিনি জানান, আসামি রাসেল আহমেদ এসব স্বর্ণালংকার ও মালামাল বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীর মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাংলাদেশে নিয়ে আসতেন। তিনি দীর্ঘদিন ধরে বিমানবন্দরে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে জড়িত এবং রিসিভার হিসেবে কাজ করে আসছেন বলে জানা যায়।

মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, রাসেল আহমেদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি নিয়মিত মামলা হয়েছে। বিমানবন্দর ব্যবহার করে যে কোনো চোরাচালানরোধে আমাদের কার্যক্রম বরাবরের মতোই অব্যাহত থাকবে।

কেআর/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।