ওয়ার্ড কাউন্সিলর হাসু গ্রেফতার
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩০নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসেম ওরফে হাসুকে গ্রেফতার করেছে ডিএমপির আদাবর থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৯ মার্চ) রাজধানীর আদাবর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জুয়েল রানা।
জুয়েল রানা বলেন, হাসুকে আজ আদাবর এলাকা থেকে থানা পুলিশ গ্রেফতার করেছে। সে বর্তমানে থানায় রয়েছে।
তাকে কী মামলায় গ্রেফতার করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, জুলাই হত্যা মামলাসহ তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়, গত ২০০২ সালে কাউন্সিলর নির্বাচিত হয়ে গড়ে তুলেছিলেন ক্যাডার বাহিনী। এই কাউন্সিলরের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা অভিযোগ রয়েছে।
জমি দখল, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে এলাকায় অপরাধের ত্রাস কায়েম করেছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩০নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসেম ওরফে হাসু।
কেআর/এমআরএম