টেলিযোগাযোগ ও স্যাটেলাইট খাতে সহযোগিতা আরও বাড়াতে আগ্রহী ফ্রান্স

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০৬ পিএম, ৩০ মার্চ ২০২৬
মন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লের সাক্ষাৎ/ছবি: সংগৃহীত

বাংলাদেশের টেলিযোগাযোগ ও স্যাটেলাইট খাতে সহযোগিতা আরও বাড়াতে আগ্রহী ফ্রান্স।

ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে সোমবার (৩০ মার্চ) সচিবালয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা জানান।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সাক্ষাৎকালে টেলিযোগাযোগ ও স্যাটেলাইট খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার, সেবার মান উন্নয়ন ও চলমান কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

মন্ত্রী বলেন, স্যাটেলাইট যোগাযোগব্যবস্থায় বর্তমান সেবার মান সন্তোষজনক। তবে বিদ্যমান চুক্তির মেয়াদ শেষ হওয়ায় সেবার ধারাবাহিকতা বজায় রাখতে দ্রুত চুক্তি নবায়ন প্রয়োজন।

টেলিযোগাযোগ ও স্যাটেলাইট খাতে সহযোগিতা আরও বাড়াতে আগ্রহী ফ্রান্স

তিনি জানান, টেলিযোগাযোগ খাতে নিজস্ব সক্ষমতা বৃদ্ধি এবং কৌশলগত স্বায়ত্তশাসন নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার।

এসময় ফ্রান্সের রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশের সঙ্গে টেলিযোগাযোগ ও স্যাটেলাইট খাতে বিদ্যমান সহযোগিতা অত্যন্ত ইতিবাচক। আমরা এ সহযোগিতা আরও সম্প্রসারণে আগ্রহী।’

তিনি আশা প্রকাশ করেন, পারস্পরিক আলোচনার মাধ্যমে চুক্তি নবায়ন-সংক্রান্ত বিষয় দ্রুত নিষ্পত্তি হবে।

এসময় জানানো হয়, সংশ্লিষ্ট স্যাটেলাইট সেবার চুক্তি নবায়ন বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে এবং এ ব্যাপারে উভয় পক্ষ ইতিবাচক অগ্রগতি প্রত্যাশা করছে।

সাক্ষাৎকালে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান এবং ফ্রান্স সরকারের উন্নয়ন সহযোগী সংস্থা এএফডির কান্ট্রি ডিরেক্টর সিনথিয়া মেলা উপস্থিত ছিলেন।

ইএইচটি/একিউএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।