ধোলাইখালে সড়ক দখলমুক্ত করতে ডিএমপির অভিযান, আটক ১০

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩১ পিএম, ০১ এপ্রিল ২০২৬
পুরান ঢাকার ধোলাইখাল এলাকায় সড়ক দখলমুক্ত রাখতে অভিযান চালাচ্ছে ডিএমপি

পুরান ঢাকার ধোলাইখাল এলাকায় সড়ক দখলমুক্ত রাখতে অভিযান চালাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সড়কের ওপর অবৈধভাবে রাখা মালামাল অপসারণে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। দুপুর ১২টা ২০ মিনিট পর্যন্ত ১০ জনকে আটক করেছে পুলিশ। তাদের থানায় নেওয়া হবে। পরে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (১ এপ্রিল) ডিএমপির পূর্বঘোষিত বিশেষ অভিযানের অংশ হিসেবে সকাল থেকে ধোলাইখাল এলাকায় এই অভিযান শুরু হয়। অভিযান চলাকালে সড়কের দুই পাশ থেকে অবৈধভাবে রাখা বিভিন্ন ধরনের মালামাল জব্দ করা হয়।

বিশেষ করে যানবাহন মেরামতের ওয়ার্কশপ, ওয়েল্ডিং কারখানা এবং বিভিন্ন দোকানের মালামাল দীর্ঘদিন ধরে সড়কের ওপর রেখে ব্যবসা পরিচালনা করা হচ্ছিল, যা পথচারী ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল।

অভিযানস্থলে উপস্থিত ডিএমপির এডিশনাল কমিশনার আনিসুর রহিমান জাগো নিউজকে বলেন, রাজধানীর অন্যান্য এলাকার মতো পুরান ঢাকাতেও এই অভিযান চলমান রয়েছে।

তিনি বলেন, সড়কে অবৈধভাবে কোনো মালামাল রাখতে দেওয়া হবে না। নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সরেজমিন দেখা গেছে, অভিযান শুরুর পর অনেক ব্যবসায়ী নিজ উদ্যোগেই সড়ক থেকে মালামাল সরিয়ে নিচ্ছেন। এরপরও যেসব স্থানে মালামাল রাখা ছিল, সেগুলো জব্দ করা হয়।

এদিকে স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে ধোলাইখাল এলাকায় যানজট কমবে এবং স্বাভাবিক চলাচল নিশ্চিত হবে।

এমডিএএ/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।