ভারতে প্রশংসা পাচ্ছেন আরিফিন শুভ, কেমন চলছে তার ‘জ্যাজ সিটি’
দেশের সীমানা পেরিয়ে এবার আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। তার প্রথম বলিউড সিরিজ ‘জ্যাজ সিটি’ মুক্তির পর থেকেই ভারতের বিভিন্ন শীর্ষ গণমাধ্যমে প্রশংসা পাচ্ছেন তিনি।
গত ১৯ মার্চ সনি লিভে মুক্তির পর সিরিজটি দ্রুত ট্রেন্ডিংয়ের শীর্ষে উঠে আসে। ১০ পর্বের প্রায় ৮ ঘণ্টার এই সিরিজে ‘জিমি রয়’ চরিত্রে অভিনয় করে দর্শকদের দৃষ্টি কেড়েছেন শুভ।
ভারতীয় গণমাধ্যমগুলোর পর্যালোচনায় তার অভিনয় বারবার বিশেষভাবে উঠে এসেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক বিনোদন ম্যাগাজিন দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়া তাদের রিভিউতে জানিয়েছে, সিরিজটির সবচেয়ে শক্তিশালী দিক হলো শুভর পারফরম্যান্স। তিনি দর্শককে ধরে রাখতে পেরেছেন।
টাইমস অব ইন্ডিয়া সিরিজটিকে ‘দৃঢ় অভিনয়ে নির্মিত’ বলে উল্লেখ করেছে। তাদের মতে, শক্তিশালী অভিনয়ই এই সিরিজের মূল আকর্ষণ। অন্যদিকে স্ক্রল ডট ইন শুভকে ‘স্মার্ট চয়েস’ আখ্যা দিয়ে বলেছে, চরিত্রের ভেতরের পরিবর্তন তিনি দক্ষতার সঙ্গে ফুটিয়ে তুলেছেন।
এছাড়া মানিকন্ট্রোল, এম নাইন নিউজ, নিউজবাইটস এবং লেটেস্টলি, সব প্ল্যাটফর্মেই শুভর অভিনয়ের প্রশংসা করা হয়েছে। কোথাও তাকে ‘স্ট্যান্ডআউট লিড’ বলা হয়েছে, আবার কোথাও সিরিজের সবচেয়ে শক্তিশালী দিক হিসেবে উল্লেখ করা হয়েছে।
চলচ্চিত্র বিশ্লেষণভিত্তিক পোর্টাল ব্যাপ অব মুভিজ বলেছে, সংযত অভিনয়ের মাধ্যমে চরিত্রটিকে দৃঢ়ভাবে উপস্থাপন করেছেন শুভ। অন্যদিকে আমার উজালা মন্তব্য করেছে, তার অভিনয়ে আত্মবিশ্বাস, আকর্ষণ এবং অন্তর্দ্বন্দ্ব সুন্দরভাবে ফুটে উঠেছে।
পরিচালকের কাছ থেকে দৃশ্য বুঝে নিচ্ছেন আরিফিন শুভ
ভারতের বাংলা সংবাদমাধ্যম টিভি নাইন বাংলা জানিয়েছে, ‘জিমি’ চরিত্রে আরিফিন শুভর অভিনয় দর্শকদের দীর্ঘদিন মনে থাকবে।
সিরিজটির গল্প জিমি রয় চরিত্রকে কেন্দ্র করে এগিয়েছে। এখানে বাংলা, হিন্দি, উর্দু ও ইংরেজি- এই চারটি ভাষায় অভিনয় করেছেন আরিফিন শুভ। এটি সনি লিভের জন্য প্রথম বাংলা ভাষার সিরিজও।
সৌমিক সেন পরিচালিত এই সিরিজে শুভর বিপরীতে অভিনয় করেছেন সৌরসেনী মিত্র। এছাড়া আরও অভিনয় করেছেন শান্তনু ঘটক, অনিরুদ্ধ গুপ্ত, সায়নদীপ সেন, শ্রেয়া ভট্টাচার্য, শতফ ফিগার, অ্যালেক্সান্দ্রা টেলর ও অমিত সাহা।
‘জ্যাজ সিটি’ ঘিরে আন্তর্জাতিক গণমাধ্যমে যে ধারাবাহিক ইতিবাচক সাড়া মিলছে, তা শুধু সিরিজটির সাফল্যই নয়, বরং আন্তর্জাতিক পরিসরে একজন বাংলাদেশি অভিনেতার অবস্থান আরও সুদৃঢ় হওয়ার ইঙ্গিত দিচ্ছে।
এলআইএ