ফুটপাত দখলকারীদের সতর্ক করলো ডিএমপি, পুনরায় দখল করলে কঠোর ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:০৭ পিএম, ০১ এপ্রিল ২০২৬
ফার্মগেট এলাকার ইন্দিরা রোডে অভিযান শেষে কথা বলেন ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আল ফয়সাল

রাজধানীতে অবৈধভাবে ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে অভিযানে নেমেছে ডিএমপি। প্রাথমিক এই অভিযানে তাদের সতর্ক করা হয়েছে। অভিযানকালে অবৈধভাবে ফুটপাত ব্যবসায়ীদের জীবিকার বিষয়টি বিবেচনায় রেখে ব্যবসায়ীদের সরতে অনুরোধ করা হয়েছে বলে জানান ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আল ফয়সাল।

বুধবার (১ এপ্রিল) রাজধানীর ফার্মগেট এলাকার ইন্দিরা রোডে অভিযান শেষে এসব বলেন তিনি।

মো. আল ফয়সাল বলেন, জীবিকার বিষয়টি বিবেচনায় রেখে ব্যবসায়ীদের সরতে অনুরোধ করা হয়েছে, কিন্তু পুনরায় ফুটপাত দখল করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, এখানকার ফুটপাতে যাদের দোকান রয়েছে, সেসবের সঙ্গে ব্যবসায়ীদের রুটি রোজগার জড়িত। আমরা আজকের অভিযানে তাদের বুঝিয়েছি, আপনারা এখান থেকে চলে যান। আগামীতে এই অভিযান চলমান থাকবে এবং প্রতিনিয়তই কেউ না কেউ তদারকিতে থাকবে। দ্বিতীয়বারের মতো কেউ যদি এখানে দোকান দিয়ে বসে, তাহলে আমরা অ্যাকশনে যাবো, জরিমানা করবো ও মালামাল জব্দ করবো।

তিনি আরও বলেন, আমাদের মোটিভ তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়া। যারা এক্সটেনশন করেছে, আমরা সেগুলো উচ্ছেদ করেছি। কিন্তু কেউ যদি আবার এক্সটেনশন করে, আমরা সে ক্ষেত্রে পদক্ষেপ নেব।

কেআর/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।