সীতাকুণ্ডের হত্যা মামলার পলাতক আসামি মশিউর পাঁচলাইশে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:১২ পিএম, ০৩ এপ্রিল ২০২৬
চট্টগ্রামের সীতাকুণ্ডে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মশিউর রহমানকে গ্রেফতার করেছে র‍্যাব/ছবি সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ড থানার একটি হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. মশিউর রহমানকে (৬০) গ্রেফতার করেছে র‍্যাব-৭।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে নগরের পাঁচলাইশ থানার ২ নম্বর গেট রেল বিট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-৭ জানায়, ২০২৫ সালের ৫ অক্টোবর সীতাকুণ্ড থানায় দায়ের করা একটি হত্যা মামলার এজাহারভুক্ত ৪ নম্বর আসামি মশিউর রহমান। গোপন সংবাদে জানা যায়- তিনি পাঁচলাইশ এলাকায় অবস্থান করছেন। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

মশিউর রহমান সীতাকুণ্ড উপজেলার ছলিমপুর এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় খুন, ধর্ষণ, গণধর্ষণ, অস্ত্র ও আত্মহত্যায় প্ররোচনাসহ মোট ১০টি মামলা রয়েছে।

র‍্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, মশিউর রহমানকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

এমআরএএইচ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।