শাহ আমানতে স্থবিরতা কাটছে না, দুই দিনে ৬ ফ্লাইট বাতিল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৩:০৪ এএম, ০৪ এপ্রিল ২০২৬
২৮ ফেব্রুয়ারির পর শাহ আমানত বিমানবন্দরে এখন পর্যন্ত ২৪৫টি ফ্লাইট বাতিল হয়েছে/ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধাবস্থার কোনো ইতিবাচক পরিবর্তন না হওয়ায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচলের স্থবিরতা অব্যাহত রয়েছে। বিমানবন্দরটিতে গত দুদিনে আরও ছয়টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। 

বিমানবন্দর কর্তৃপক্ষের শুক্রবার (৩ এপ্রিল) প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য রুটে একটি আগমন ও একটি বহির্গমন ফ্লাইট বাতিল হয়েছে। এছাড়া এয়ার আরাবিয়ার শারজাহ রুটে একটি আগমন ও একটি বহির্গমন এবং সালাম এয়ারের মধ্যপ্রাচ্য রুটে একটি আগমন ও একটি বহির্গমন ফ্লাইট বাতিল করা হয়।

তবে একই সময়ে বিভিন্ন এয়ারলাইনসের মোট ৯টি আগমন ও ৬টি বহির্গমন ফ্লাইট চালু ছিল।

বিমানবন্দর সূত্র জানায়, শারজাহ, দুবাই ও আবুধাবি রুটে সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইট চলাচলের স্থবিরতা এখনো কাটেনি।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই পরিস্থিতিতে সর্বশেষ ছয়টি বাতিলসহ এ পর্যন্ত মোট ২৪৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

এমআরএএইচ/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।