কারখানায় অগ্নিকাণ্ড

শনাক্ত তিন মরদেহ দাফনে পরিবার পেলো সহায়তা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৩৫ পিএম, ০৫ এপ্রিল ২০২৬
কেরানীগঞ্জে আগুন লাগা গ্যাস লাইটার তৈরির কারখানা থেকে মরদেহ উদ্ধার/ফাইল ছবি

ঢাকার কেরানীগঞ্জে গ্যাস লাইটার তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ছয়জনের মধ্যে পরিচয় শনাক্ত হওয়া তিনজনের দাফনে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

রোববার (৫ এপ্রিল) রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিহতদের পরিবারের কাছে এ সহায়তা তুলে দেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওমর ফারুক।

ইউএনও বলেন, ‘আগুনের ঘটনায় ছয়জনের মরদেহ উদ্ধার এবং তিনজনকে আহত অবস্থায় বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। উপজেলা প্রশাসকের পক্ষ থেকে আহত তিনজনের পরিবারকে চিকিৎসা বাবদ ১৫ হাজার টাকা করে সহযোগিতা করা হয়েছে। পাশাপাশি যে মরদেহগুলো শনাক্ত হয়েছে তাদের পরিবারকে দাফন-কাফন বাবদ ২৫ হাজার করে অর্থিক সহযোগিতা দিয়েছি।’

এদিকে, এখনো শনাক্ত না হওয়া মরদেহগুলোর পরিচয় জানতে ডিএনএ পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম।

তিনি বলেন, ‘যে মরদেহগুলো শনাক্ত হয়নি, সেগুলো স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গের ফ্রিজে রাখা হবে। তাদের পরিবারের সদস্য যারা দাবি করছেন, তাদের ডিএনএ মিললে মরদেহগুলো তাদের জিম্মায় দেওয়া হবে।’

এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলেও জানান ওসি সাইফুল আলম।

শনিবার (৪ এপ্রিল) দুপুর ১টা ১০ মিনিটে কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বর এলাকায় গ্যাস লাইটার তৈরির টিনশেড কারখানায় আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের চেষ্টায় আড়াইটার দিকে তা নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা রোজিনা আক্তার জানিয়েছেন।

কেআর/একিউএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।