লরিতে আগুন, চালকের বুদ্ধিমত্তায় রক্ষা পেল ফিলিং স্টেশন
বরিশালের গৌরনদীতে ফিলিং স্টেশনে প্রবেশের জ্বালানি তেলবাহী একটি লরিতে অগ্নিকাণ্ডের ঘটেছে। তবে চালক দ্রুত স্টেশন ত্যাগ করায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে।
রোববার (৫ এপ্রিল) বিকেলে গৌরনদী নাহার সিনেমা হল সংলগ্ন সেন্ট পিটার ফিলিং স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইব্রাহিম জানান, পদ্মা ডিপোর পেট্রোলবোঝাই একটি লরি তেল সরবরাহের জন্য সেন্ট পিটার ফিলিং স্টেশনে প্রবেশ করে। এসময় আকস্মিকভাবে তেলের লরিতে আগুন ধরে যায়। তাৎক্ষণিকভাবে চালক লরিটি ফিলিং স্টেশনের সামনের গৌরনদী-আগৈলঝাড়া সড়কে নিয়ে আসেন।
খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের কর্মীরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে কী কারণে আগুনের সূত্রপাত ঘটেছে, কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহিম বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
শাওন খান/এসআর/জেআইএম