শাহ আমানতে আরও ৫ ফ্লাইট বাতিল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৭:৪৭ পিএম, ০৬ এপ্রিল ২০২৬
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর/ফাইল ছবি

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার এয়ারফিল্ড বন্ধ থাকায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুদিনে আরও পাঁচটি ফ্লাইট বাতিল করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যা ৭টার পর চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী একটি ডিপার্চার ও একটি অ্যারাইভাল ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া এয়ার অ্যারাবিয়ার একটি অ্যারাইভাল এবং সালাম এয়ারের একটি অ্যারাইভাল ও একটি ডিপার্চার ফ্লাইট বাতিল হয়েছে।

তবে সীমিত পরিসরে কিছু ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা সাতটি অ্যারাইভাল এবং ছয়টি ডিপার্চার ফ্লাইট আজ চালু ছিল।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিশেষ করে শারজাহ, দুবাই ও আবুধাবি রুটে সালাম এয়ার, এয়ার অ্যারাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইটগুলোর চলাচল এখনো স্থবির রয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে এ পর্যন্ত মোট ২৬৯টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

ইব্রাহীম খলিল জানান, পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ফ্লাইট চলাচলে এই অনিশ্চয়তা অব্যাহত থাকতে পারে।

এমআরএএইচ/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।