গৃহায়ন কর্তৃপক্ষের নথি জালিয়াতিতে মামলা, ৫ জনকে শোকজ
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নথি জালিয়াতির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৬ এপ্রিল জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নজরে এসেছে যে, রূপনগর ১৯/২ এলাকার ৯/১ নম্বর পুনর্বাসন নথিটি জাল জালিয়াতির মাধ্যমে আমমোক্তার দলিল গ্রহণ করে সম্পাদিত হয়েছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের পাঁচজন কর্মচারীকে শোকজ করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বহিরাগত চারজনকে আসামি করে নথি সংরক্ষণকারী জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের হিসাব সহকারী মো. জাহিদুল হুদা বাদী হয়ে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেছেন।
বিষয়টি তদন্তাধীন থাকায় অভিযুক্তদের নাম এ মুহূর্তে প্রকাশ করা হয়নি বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আরএমএম/এমএএইচ/