পরিবেশ রক্ষায় ‘সড়কসাথী’ অভিযানে শিক্ষার্থীরা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:১৬ এএম, ০৭ মে ২০২৬
ছবি-সংগৃহীত

নিরাপদ সড়ক, জলবায়ু সচেতনতা এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে ‘সড়কসাথী’ প্রকল্পের দ্বিতীয় কর্মশালা ৫ মে রাজধানীর রায়েরবাজারস্থ লরেল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় ষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রায় ৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

‘অ্যাকিউমেন হ্যাভেন’-এর আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালাটি সঞ্চালনা করেন সংস্থাটির ফেলো আর্পিতা দাস গোপা। স্বেচ্ছাসেবী হিসেবে অ্যাকিউমেন হ্যাভেনের তৃষা ও সোহান এবং অনুসন্ধানী ক্রিডসের সপ্তর্ষি পাল অংশগ্রহণ করেন।

jagonews24

ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের ট্রান্সপোর্ট ইঞ্জিনিয়ারিং ক্লাব (টিইসি) থেকে শিক্ষার্থী প্রতিনিধি সাফাত করিম এবং ওয়াসিক সাধিন স্বেচ্ছাসেবক হিসেবে সক্রিয় ভূমিকা রাখেন।

অনুষ্ঠানের সূচনা হয় লরেল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. সিরাজুল ইসলামের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ট্রান্সপোর্ট কোওর্ডিনেশন অথরিটি (ডিটিসিএ) এর সাবেক পরিচালক এবং সরকারের অতিরিক্ত সচিব (অব:) নীলিমা আক্তার।

এছাড়াও উপস্থিত ছিলেন ট্রান্সপোর্ট প্রফেশনালস ফাউন্ডেশন, বাংলাদেশ (টিপিএফবি) এর ট্রেজারার মাদানী, ওয়ার্ক ফর আ বেটার বাংলাদেশের পরিচালক গাউস পিয়ারী এবং প্রতিষ্ঠানের শিক্ষকরা।

jagonews24

প্রধান অতিথি নীলিমা আক্তার শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্তভাবে যুক্ত হয়ে বিভিন্ন ইন্টারেক্টিভ গেমে অংশগ্রহণ করেন, যা পুরো আয়োজনকে আরও উপভোগ্য করে তোলে এবং শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

কর্মশালায় শিক্ষার্থীদের জন্য উপযোগী অডিও-ভিজ্যুয়াল অ্যানিমেশন কনটেন্ট উপস্থাপন করা হয়, যা তাদের মধ্যে সচেতনতা ও ইতিবাচক মনোভাব গড়ে তুলতে সহায়ক হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

কর্মশালায় সহজ ভাষায় ৬টি মুখ্য বিষয় তুলে ধরা হয় ১. দৈনন্দিন আবহাওয়া ও দীর্ঘমেয়াদি জলবায়ুর পার্থক্য ২. অতিরিক্ত গ্রিনহাউজ গ্যাস বৃদ্ধির ফলে বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব ৩. ট্রাফিক নিয়ম মেনে চলার মাধ্যমে পরিবেশ রক্ষার উপায় ৪. যানজট কমিয়ে জ্বালানি সাশ্রয় ও কার্বন নিঃসরণ হ্রাসের গুরুত্ব ৫. জেব্রা ক্রসিং, ফুটওভার ব্রিজ ও ট্রাফিক সিগন্যাল ব্যবহারের প্রয়োজনীয়তা স্বল্প দূরত্বে হাঁটা বা সাইকেল ব্যবহারের মাধ্যমে ৬. কার্বন ফুটপ্রিন্ট কমানো ৭. রাস্তা পরিষ্কার রাখতে ডাস্টবিন ব্যবহারের অভ্যাস।

jagonews24

কর্মশালার অংশ হিসেবে শিক্ষার্থীদের নিয়ে একটি কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়। এতে বিজয়ীদের মধ্যে পাঁচটি আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়, যা শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।

কর্মশালা শেষে প্রশ্নোত্তর পর্ব এবং ট্রাফিক নিয়মভিত্তিক ব্যবহারিক আলোচনার মাধ্যমে কর্মশালার সফল সমাপ্তি ঘটে।
এই কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীরা পরিবেশ সংরক্ষণে ট্রাফিক আইন মেনে চলার মতো ছোট ছোট পদক্ষেপের গুরুত্ব অনুধাবন করতে সক্ষম হয়।

আয়োজকরা জানান, ভবিষ্যতে কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে এ ধরনের কর্মশালার আয়োজন করা হবে। পাশাপাশি ভবিষ্যতে স্কুলের প্রতিটি শিক্ষার্থীর মাঝে এ শিক্ষা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে অ্যাকিউমেন হ্যাভেনের সহযোগিতায় ‘ক্লাইমেট ফাইটার ক্লাব’ গঠন করা হবে।

এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।