সদরঘাটে লঞ্চে আগুন


প্রকাশিত: ১২:৩৫ পিএম, ২৪ জানুয়ারি ২০১৫

দুর্বৃত্তদের দেওয়া আগুনে সদরঘাট লঞ্চ টার্মিনালে পিরোজপুরের হুলারহাটগামী এমভি টিপু-৬ লঞ্চের ১৬ টি কেবিন সম্পূর্ণ পুড়ে গেছে।  শনিবার সন্ধ্যা ছয়টার দিকে লঞ্চটির তৃতীয় তলার প্রথম ও দ্বিতীয় শ্রেণির কেবিনে আগুন লাগায় দুর্বৃত্তরা।

ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘণ্টা খানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশসূত্রে জানা যায়, শনিবার বিকেলে আগেই টিকেট করে রাখা একজন যাত্রীর নাম করে ৩ / ৪ জন লোক হুলারহাটগামী সাড়ে ছ`টার লঞ্চের তিনতলার একটি কেবিনে ওঠেন। সন্ধ্যা ছয়টার দিকে লঞ্চ থেকে ধোঁয়া বের হতে দেখা গেলে লঞ্চের লোকজন এসে আগুন দেখতে পান। পরে তৃতীয় তলাতেও আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট লঞ্চের লোকজনের সহযোগিতায় ঘণ্টা খানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

লঞ্চটির মালিক এবং অভ্যন্তরীণ নৌচলাচল সংস্থার সিনিয়র ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া টিপু জাগোনিউজকে জানান, নাশকতার উদ্দেশ্যে দুর্বৃত্তরা লঞ্চে আগুন দিয়েছে। তিনি দাবি করেন লঞ্চের তৃতীয় তলার সম্পূর্ণ অংশ পুড়ে গেছে এবং এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

কোতোয়ালি থানার ওসি (তদন্ত) মো. কবিরুল ইসলাম জানান, এ ঘটনায় সন্দেহভাজন দু`জন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

এমএএস/এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।