৫ নেতার কাঁধে থাকবে কোকোর মরদেহ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকাের লাশ পৌঁছানোর পর তার মরদেহ বহন করবেন বিএনপির ৫ শীর্ষ নেতা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে এই সিদ্ধান্ত দেয়া হয়েছে বলে গুলশান কার্যালয়ের একটি সূত্র নিশ্চিত করেছেন।
মরদেহ বহনকারী শীর্ষ নেতারা হলেন- স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মইন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসূফ, আব্দুল্লাহ আল নোমান ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গিয়াস কাদের চৌধুরী।
হযরত শাহজালাল (র.) বিমানবন্দর থেকে কোকোর মরদেহ সরাসরি গুলশান কার্যালয়ে নেয়া হবে। এরপর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বাদ আসর মরহুম আরাফাত রহমান কোকোর নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। নামাজে জানাজা শেষে তার লাশ বনানীস্থ সামরিক কবরস্থানে দাফন করা হবে।
প্রসঙ্গত, গত শনিবার (২৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় মালয়েশিয়ায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আরাফাত রহমান কোকোর মৃত্যু হয়।
-এমএম/আরএস