রামপুরায় বন্দুকযুদ্ধে নিহত একজনের পরিচয় মিলেছে


প্রকাশিত: ০৩:১০ পিএম, ২৬ জানুয়ারি ২০১৫

রাজধানীর রামপুরায় রোববার র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত দুই যুবকের মধ্যে একজনের পরিচয় মিলেছে। তার নাম আবুল কালাম আজাদ (৩৬)। সোমবার বিকেলে নিহতের স্ত্রী শাহিনুর বেগম ঢাকা মেডিকেলের মর্গে এসে মৃতদেহ সনাক্ত করেন।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নিহত আজাদ রেন্ট-এ-কারের গাড়িচালক। কিছুদিন আগেও তিনি জেলে কারান্তরিণ ছিলেন। আজাদের বাবার নাম খোরশেদ আলম। ভোলা সদরের বাসিন্দা। টঙ্গীর এরশাদ নগরের চাংখিরটেক গ্রামে স্বপরিবার বসবাস করে আসছিলেন আজাদ।

স্ত্রী শাহিনুর জানান, গত ২১ ডিসেম্বর স্বামী আজাদের সঙ্গে মোবাইলেই শেষ কথা। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

রোববার ভোরে রামপুরার বনশ্রীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহতের খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন তিনি। ঢামেক হাসপাতাল মর্গে এসে স্বামী আজাদের লাশ সনাক্ত করেন শাহিনুর।

র‌্যাবের দাবি, র‌্যাবের চেকপোস্টে একটি প্রাইভেট কারকে থামার সিগন্যাল দেয়া হলে ওই গাড়ি থেকে র‌্যাবকে লক্ষ্য করে গুলি করা হয়। র‌্যাবও পাল্টা গুলি করলে ওই দুই যুবক মারা যান।

পরে নিহত দুই যুবকের কাছ থেকে একটি চোরাই প্রাইভেট কার, পিস্তল ও কিছু গুলিও উদ্ধার করা হয় বলে দাবি করলেও র‌্যাব নিহত দুজন দুজনের পরিচয় নিশ্চিত করতে পারেনি।

জেইউ/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।