সশস্ত্র বাহিনীতে ৩,১৮০ জন নারী কর্মরত


প্রকাশিত: ০৪:২৪ পিএম, ২৬ জানুয়ারি ২০১৫

সংসদ কার্যে সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জানান, বর্তমানে সশস্ত্র বাহিনীতে কর্মকর্তা ও অন্যান্য পদবীতে মোট ৩ হাজার ১৮০ জন নারী কর্মরত রয়েছেন।

তিনি সোমবার সংসদে সরকারি দলের সদস্য মোহাম্মদ আব্দুল মুনিম চৌধুরীর এক প্রশ্নের জবাবে আরো বলেন, সশস্ত্র বাহিনীতে কর্মরত নারী সদস্যদের মধ্যে সেনাবাহিনীতে ২ হাজার ৬৮৬ জন, নৌবাহিনীতে ২৭০ জন এবং বিমান বাহিনীতে ২২৪ জন রয়েছে।

মন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনীতে নারীর অধিকার সম্পৃক্ত করতে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। নৌবাহিনীতে ২০১২ সাল থেকে বছরে একবারের পরিবর্তে দু’বার করে নারী কর্মকর্তা নিয়োগ দেয়া হচ্ছে।

সৈয়দ আশরাফ বলেন, পুরুষ কর্মকর্তাদের পাশাপাশি নারী কর্মকর্তাদেরকেও বিএসসি (পাস) ডিগ্রির পরিবর্তে বিএসসি (সম্মান) ডিগ্রি দেয়ার বিধান প্রবর্তন করা হয়েছে। অধিক হারে নারী কর্মকর্তা নিয়োগের লক্ষ্যে ব্যাপক প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এছাড়া, নাবিক হিসেবে নারীদের নিয়োগের বিষয়টি সরকারের বিবেচনাধীন রয়েছে। বাসস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।