মায়ের কোল আর খালি করবেন না : প্রধানমন্ত্রী


প্রকাশিত: ০২:২৫ পিএম, ২৮ জানুয়ারি ২০১৫

আর কোনো মায়ের কোল খালি না করতে ২০ দলীয় জোট নেত্রী খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সংসদে তার জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সদস্য তাজুল ইসলামের এক সম্পূরক প্রশ্নের জবাবে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি বিএনপি চেয়ারপারনকে নির্মম কাজ করা থেকে বিরত থাকারও অনুরোধ জানান শেখ হাসিনা।

শেখ হাসিনা বলেন, ২০ দলীয় জোট নেত্রী খালেদা জিয়া পুত্রের মৃত্যুতে শোকাহত হয়েছেন, যার কারণে তাকে ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখতে হয়েছে। পুত্র শোকে একজন মা কাতর হবেন এটাই স্বাভাবিক। ওনার ছেলের স্বাভাবিক মৃত্যু হয়েছে তারপরও তিনি এর শোক সহ্য করতে পারছেন না। আর যাদের সন্তান, স্বামী, স্ত্রী, বাবা বা ভাই পেট্রোলবোমার আগুনে পুড়ে হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছেন। আবার অনেকের স্বজন যন্ত্রণায় ছটফট করে চোখের সামনে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন, তারা কিভাবে এ শোক সহ্য করছেন?

প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসী লেলিয়ে দিয়ে আর কোনো মায়ের কোল খালি করবেন না। ২০ দল মানুষকে পুড়িয়ে মারা, গাড়ি ভাঙচুর করাসহ জঘন্য ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। দোষ করে খালেদা আর দুঃখজনক হলো কিছু মানুষ আমাদেরকেও দোষ দেয়। আমাদের দোষটা কি? ৫ জানুয়ারির নির্বাচনের পর দেশের মানুষ শান্তিতে বসবাস করছিল। দেশ উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ কথা নেই, বার্তা নেই অবরোধ আর হরতালের নামে ধ্বংসযজ্ঞ চালানো শুরু হল।
 
প্রধানমন্ত্রী বলেন, তার ছেলে মারা যাওয়ার পর গুলশান কার্যালয়ে তাকে সমবেদনা জানাতে গিয়ে ফিরে আসতে হয়েছে। কার্যালয়ের গেটে ভেতর থেকে তালা লাগিয়ে দেয়া হয়েছে। এমনকি আমি যখন গাড়ি থেকে নেমে পকেট গেট দিয়ে ভিতরে যেতে চাই, জানতে পারলাম ওই গেটটিও বন্ধ। তখন নিরুপায় হয়ে সেখান থেকে চলে আসতে হয়েছে।
 
আজ সর্বস্তরের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে এদের অত্যাচারে। একটা দেশকে কেউ এভাবে ধ্বংস করার চেষ্টা করে অতীতে তা কখনো দেখা যায়নি। উনার অপকর্মের কারণে ও ভুল সিদ্ধান্তের কারণে তারা এখন না পার্লামেন্টে, না বাইরে।

কিছুক্ষণ আগে এক সংসদ সদস্য তাদের বিরোধী দল বলে আখ্যায়িত করেছে। ভবিষ্যতে এ ব্যাপারে সচেতন হতে বলব। এখানে পার্লামেন্টে ডেমোক্রেসি রয়েছে। সংসদীয় গণতন্ত্রে বিরোধী দল তাদেরকেই বলে যারা পার্লোমেন্টে বিরোধী দলে বসে, তারাই বিরোধী দল। বর্তমানে বিএনপি কিন্তু সরকারেও নেই, বিরোধী দলেও নেই; একটা রাজনৈতিক দল জোট হিসেবে রয়েছে।

দীর্ঘদিন বিএনপি বিরোধী দলে থাকলেও বর্তমানে রাজনৈতিক দলটি সন্ত্রাসী দলে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনা বলেন, আমরা আপ্রাণ চেষ্টা করেছি-নির্বাচনের আগেও বিএনপি নেত্রীকে ফোন করেছি। উনি যেভাবে ঝাড়ি মেরেছেন...এসব আমি আর বলতে চাই না।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।