প্রতিরক্ষা সহায়তা দিতে চায় বেলারুশ, যাচাই করে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ
বাংলাদেশকে প্রতিরক্ষা খাতে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে বেলারুশ। জবাবে যাচাই-বাছাই করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ।
বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূত মিখাইল কাসকোর সৌজন্য সাক্ষাৎকালে এ বিষয়ে দুপক্ষের মধ্যে আলোচনা হয়। স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে দুদেশের মধ্যে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যু, প্রতিরক্ষা, কৃষি যান্ত্রিকীকরণ, সার আমদানি, ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিকরণ, ফৌজদারি মামলাসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
সাক্ষাতের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানান। রাষ্ট্রদূত মিখাইল কাসকো নতুন পোর্টফলিওতে দায়িত্ব নেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানান।
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও বেলারুশের মধ্যে শক্তিশালী রাজনৈতিক ও অর্থনৈতিক বন্ধন রয়েছে। এটিকে আরও সুদৃঢ়করণের জন্য দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারকরণ করা প্রয়োজন।
তিনি বলেন, বেলারুশ বিশ্বের অন্যতম সামরিক সরঞ্জাম ও যন্ত্রপাতি উৎপাদনকারী দেশ। বাংলাদেশ চাইলে বেলারুশ প্রতিরক্ষা খাতে সহযোগিতা করতে পারে এবং ড্রোনসহ অত্যাধুনিক সামরিক সরঞ্জাম বেলারুশ থেকে সংগ্রহ করতে পারে।
স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান। তিনি বলেন, বেলারুশ বিশ্বের অন্যতম প্রধান পটাশ সার উৎপাদনকারী ও রপ্তানিকারক দেশ। বাংলাদেশ বর্তমানে সৌদি আরব, রাশিয়াসহ বিভিন্ন দেশ থেকে নিয়মিত সার আমদানি করে থাকে। এক্ষেত্রে বেলারুশ হতে পারে বাংলাদেশের সার আমদানির নতুন গন্তব্য। রাষ্ট্রদূত এসময় বেলারুশের কৃষি যান্ত্রিকীকরণের বিভিন্ন দিক মন্ত্রীর কাছে তুলে ধরেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কৃষিপ্রধান দেশ হওয়ায় বাংলাদেশ এ বিষয়ে বেলারুশের কাছ থেকে কারিগরি সহযোগিতা নিতে পারে।
রাষ্ট্রদূত বেলারুশের এক নাগরিকের ফৌজদারি মামলার বিষয় মন্ত্রীকে অবহিত করেন। মন্ত্রী এ বিষয়ে রাষ্ট্রদূতকে প্রয়োজনীয় আইনগত সহযোগিতার আশ্বাস দেন। রাষ্ট্রদূত এসময় মন্ত্রীকে বেলারুশ সফরের আমন্ত্রণ জানান।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান, রাজনৈতিক-১ শাখার উপসচিব বেগম মিনারা নাজমীন, ভারতের বেলারুশ দূতাবাসের সিনিয়র কাউন্সিলর সিয়ারহেই ট্রাটসিউক, বেলারুশ প্রোমাগ্রোলিজিং ওজেএসসি-এর ডিরেক্টর জেনারেল পাভেল কারোতখিখ, ডেপুটি ডিরেক্টর জেনারেল দিমিত্রি সেভিজদ্রাল ও বাংলাদেশে বেলারুশের অনারারি কনসাল অনিরুদ্ধ কুমার রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
টিটি/এমকেআর