পড়ে থাকা ওষুধ ও যন্ত্রপাতি হাসপাতালে পাঠানোর নির্দেশ


প্রকাশিত: ০৪:৫০ পিএম, ২৮ জানুয়ারি ২০১৫

কেন্দ্রীয় ঔষধাগারে (সিএমএসডি) পড়ে থাকা যন্ত্রপাতির তালিকা তৈরি করে তা আগামী একমাসের মধ্যে দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে পাঠানোর নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বুধবার কেন্দ্রীয় ঔষধাগার পরিদর্শন শেষে কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশ দেন।

তিনি বলেন, ওষুধ ও যন্ত্রপাতি অব্যবহত অবস্থায় এভাবে পড়ে থাকতে পারে না। তাই যত দ্রুত সম্ভব পড়ে থাকা যন্ত্রপাতির তালিকা তৈরি করে চাহিদা অনুযায়ী তা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করতে হবে।  

কর্মকর্তাদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, যন্ত্রপাতি ক্রয়ের ক্ষেত্রে সময়ক্ষেপণ সহ্য করা হবে না। স্বচ্ছ টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে নীতিমালা অনুযায়ী সবকিছু করতে হবে। মানসম্মত মেশিন ক্রয়ের ক্ষেত্রে কোনো আপোশ করা হবে না। কেন্দ্রীয় ঔষধাগারে পড়ে থাকা যন্ত্রপাতির তালিকা তৈরি এবং এসব যন্ত্রপাতি বিভিন্ন হাসপাতালে বণ্টনের জন্য স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেকের নেতৃত্বে একটি কমিটি গঠনের নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।

মতবিনিময়সভায় অন্যান্যের মধ্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, স্বাস্থ্যসচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ দীন মোঃ নুরুল হক, পরিচালক অধ্যাপক ডাঃ শামিউল ইসলাম ও ডাঃ ইহতেশামুল হক চৌধুরী, কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রসুল এবং সহকারী পরিচালক ডাঃ এমএম আক্তারুজ্জামান উপস্থিত ছিলেন।

আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।