বাংলাদেশের গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন`র সদস্যপদ অর্জন


প্রকাশিত: ০৫:০৬ পিএম, ২৮ জানুয়ারি ২০১৫

বাংলাদেশ ৬০তম দেশ হিসেবে গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন (জিপিই) এর সদস্যপদ অর্জন করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত এ প্রতিষ্ঠানটি শিক্ষার উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমানে এশিয়া ও আফ্রিকাসহ পৃথিবীর ৫৯টি দেশ প্রতিষ্ঠানটির সদস্য। জিপিই’র সদস্যদেশ হিসেবে বাংলাদেশ এখন প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের জন্য ১০০ মিলিয়ন মার্কিন ডলার অনুদানের জন্য আবেদনের যোগ্যতা অর্জন করেছে। শিক্ষা নিয়ে কাজ করা বৈদেশিক সংস্থাগুলোর মধ্যে জিপিই একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান।

তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচিকে সামনে রেখে বাংলাদেশ গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশনের সদস্যপদ প্রাপ্তির যোগ্যতা অর্জন করে। এ কর্মসূচির মূল উদ্দেশ্য হলো প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে দক্ষ, ইনক্লুসিভ ও সমতাভিত্তিক হিসেবে গড়ে তোলা।

বাংলাদেশের তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচিটি (পিইডিপি-৩) ২০১১-১৭ মেয়াদের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নেতৃত্বে বাস্তবায়িত হচ্ছে। এটি প্রাথমিক শিক্ষাখাতের গুণগতমান উন্নয়নের জন্য একটি ভিন্নমাত্রার কর্মসূচি। বিভিন্ন মন্ত্রণালয়, সিভিল সোসাইটি সংগঠনসমূহ এবং বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা এ কর্মসূচিতে আর্থিক সহায়তা প্রদান করছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান জিপিই’র সদস্যপদ অর্জনে আনন্দ প্রকাশ করে বলেন, বাংলাদেশ এখন জিপিই’র একটি সদস্যরাষ্ট্র। জিপিই বাংলাদেশের সব শিশুদের জন্য গুণগতমানের প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার অঙ্গীকার করেছে।

এ নতুন অংশীদারিত্ব সামনের দিনগুলোতে প্রাথমিক শিক্ষাখাতে অর্থপূর্ণ সংস্কার আনবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।

আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।