দেশব্যাপি জঙ্গীবিরোধী মডেল খুতবা প্রণয়ন
দেশে জঙ্গীবিরোধী জনমত তৈরিতে জুমা’র নামাজের জন্য একটি মডেল খুতবা প্রণয়ন করে ইমামদের মাঝে বিতরণ করতে প্রতিটি জেলায় সরবরাহ করা হয়েছে। সংসদে এ তথ্য জানিয়েছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।
জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে বুধবার প্রশ্নোত্তর পর্বে ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকীর তারকাচিহ্নিত প্রশ্নের উত্তরে ধর্মমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, খুতবার আগে বয়ানকালে কোরআন ও হাদিসের আলোকে কমপক্ষে ৫ মিনিট জঙ্গিবিরোধী বক্তব্য প্রদানের জন্য ইসলামিক ফাউন্ডেশন ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করতে যাচ্ছে। বিভিন্ন ধর্মীয় সভা ও সমাবেশে আলেম-উলামাদেরকে জঙ্গীবাদ ও ধর্মের নামে বোমাবাজি, মানুষ হত্যা ও সন্ত্রাস সৃষ্টির বিরুদ্ধে বক্তব্য প্রচারের জন্য উদ্বুদ্ধ করা হবে। এই উদ্দেশ্যে একটি মডেল খুতবা প্রণয়ন করে ইমামদের মাঝে বিতরণের জন্য দেশের প্রতিটি জেলায় সরবরাহ করা হয়েছে।