গ্যাসের দাম বৃদ্ধির বিপক্ষে মূল্যায়ন কমিটি


প্রকাশিত: ১০:৫৭ এএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৫

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গঠিত কারিগরি মূল্যায়ন কমিটি গ্যাসের দাম বাড়ানো প্রয়োজন নেই বলে মত দিয়েছে। মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি মিলনায়তনে অনুষ্ঠিত গণশুনানিতে কমিটি এ মত দেয়।

এর আগে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড গৃহস্থালীর কাজে ব্যবহৃত গ্যাসের মূল্য ১২২.২২ শতাংশ হারে বাড়ানোর প্রস্তাব করে। এ হারে গ্যাসের মূল্য বাড়ানো হলে এক চুলা ৮৫০ ও দুই চুলা এক হাজার টাকা পড়বে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় শুরু হওয়া গণশুনানিতে সভাপতিত্ব করছেন কমিশনের চেয়ারম্যান এ আর খান। এছাড়া কমিশন সদস্য ড. সেলিম মহামুদ, প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন, রহমান মোরশেদ, মো. মাকসুদুল হক উপস্থিত রয়েছেন।

কমিশনের কাছে তিতাসের পক্ষে আবেদনটি উত্থাপন করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক নওশাদ ইসলাম। কারিগরি কমিটির পক্ষে মূল্যায়ন প্রতিবেদন উত্থাপন করেন কমিটির আহ্বায়ক ও বিইআরসির পরিচালক (গ্যাস) এ কে এম মনোয়ার হোসেন আখন্দ।

তিতাসের আবেদনের পর গ্রাহক প্রতিনিধি হিসেবে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম সামছুল আলম, জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক নুরুল ইসলাম, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য রহিম হোসেন প্রিন্স, সিএনজি অনার্স অ্যাসোসিয়েশনের উপদেষ্টা জাকির হোসেন নয়নসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা শুনানিতে অংশ নেন।

গণশুনানিতে অধ্যাপক সামসুল আলম বলেন, ‘তিততাস যে আবেদন করেছে তা অসঙ্গতিপূর্ণ। আবেদনে আয়-ব্যয়ের প্রকৃত তথ্য সঠিকভাবে উত্থাপন করা হয়নি। এই আবেদন গ্রহণযোগ্য নয়।

অধ্যাপক নুরুল ইসলাম বলেন, খুচরা পর্যায়ে গ্যাসের সঠিক মূল্য নির্ধারণের জন্য গ্যাসের একটি সঠিক পাইকারি মূল্য নির্ধারণ করা জরুরী।

এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।