রিকশাচালকের মাসিক আয় সাড়ে ১১ হাজার টাকা
একজন রিকশাচালকের মাসিক গড় আয় ১১ হাজার ৫১৭ টাকা। আর ভ্যানচালক আয় করেন ১২ হাজার ৬২০ টাকা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এক জরিপে এ তথ্য উঠে এসেছে। একই সঙ্গে মানি এক্সচেঞ্জ সেবা, ইজিবাইক, থ্রি হুইলার, ফিশারিজ, সেচ সেবা ও কো-অপারেটিভ সোসাইটির ওপরও জরিপ পরিচালনা করে বিবিএস।
সম্প্রতি রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনে আনুষ্ঠানিকভাবে এ জরিপের ফল প্রকাশ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব সুরাইয়া বেগম। বিশেষ অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব সফিকুল ইসলাম, যুগ্ম সচিব আমিনুল বর চৌধুরী ও ড. কাজী মোস্তফা সারোয়ার। সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক গোলাম মোস্তফা কামাল। প্রতিবেদন উপস্থাপন করেন কর্মসূচি পরিচালক জিয়া উদ্দীন আহমেদ।
২০১১-১২ অর্থবছরে দেশের এ ছয়টি বিভাগ মোট দেশজ উৎপাদন (জিডিপি) হিসাব নির্ণয়ের জন্য গুরুত্বপূর্ণ। এর আগে জিডিপিতে বিভিন্ন খাতের অনুপাত বা হার হিসাবকরণে পুরনো তথ্য-উপাত্ত ব্যবহার করা হতো। ফলে জিডিপির হিসাবে ত্রুটি-বিচ্যুতি থেকে যেত। এজন্য এ উপখাতগুলো নতুন করে জরিপ করেছে বিবিএস।
প্রতিবেদনে বলা হয়েছে, একজন রিকশাচালক মাসে গড়ে ২৬ দিন কাজ করেন, যার দৈনিক আয় ৪৪৬ টাকা। দেশব্যাপী ৯৬৪ জন রিকশা ও ভ্যানচালকের ওপর এ জরিপ চালানো হয়েছে। অন্যদিকে একজন চালক মাসে গড়ে ২৫ দিন রিকশা-ভ্যান চালান। উভয় ক্ষেত্রে প্রতিদিন গড়ে আয় করেন ৫০০ টাকা।
এআরএস/এমএস