নির্বাচনের জন্য আমরা প্রস্তুত : সিইসি


প্রকাশিত: ০২:২৩ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৫

চলমান রাজনৈতিক অস্থিরতা ও শিক্ষার্থীদের পরীক্ষাসূচি বিবেচনায় নিয়ে স্বল্প সময়ে ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশনে নির্বাচনের জন্য প্রস্তুতি রাখা হয়েছে। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলনকক্ষে আধুনিক জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) সংক্রান্ত প্রকল্পের বৈঠক শেষে এ কথা জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ।

সিইসি বলেন, সামনে বড় দুটি নির্বাচন রয়েছে। এ দুই নির্বাচনের জন্য আমাদের প্রস্তুতি রয়েছে। স্থানীয় সরকারের নির্বাচন নির্দলীয়। কিন্তু অতীতে সিটি নির্বাচনে অনেক দল অংশ নিয়েছে। আমরা চাই, সবাই ঢাকার দুই সিটি এবং চট্টগ্রাম সিটির নির্বাচনে অংশগ্রহণ করুক। সীমানা-জটিলতা শেষ হলেই ঢাকার দুই সিটিতে নির্বাচন করা হবে। তবে চট্টগ্রাম সিটিতে নির্ধারিত সময়ে ভোট করতে কোনো অসুবিধা নেই।

চলমান সংকট নিরসনে ইসি কোনো উদ্যোগ নেবে কি না, জানতে চাইলে তিনি বলেন, না, আমরা দেশের মাথাও নই, অঙ্গও নই। রাজনৈতিক সংকট রাজনৈতিকভাবে সমাধান করতে হবে। ইসির দায়িত্ব ও কাজের পরিধি সংবিধানে বলা রয়েছে।’

মধ্যবর্তী নির্বাচনের সিদ্ধান্ত হলে ইসি প্রস্তুত কি না, জানতে চাইলে সিইসি বলেন, রাজনৈতিক সিদ্ধান্ত রাজনীতিবিদেরাই নেবেন। নির্বাচন কমিশনকে সব সময় নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে হয়।

এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।