গণজাগরণের ২ বছর


প্রকাশিত: ০৩:৫৯ এএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৫

২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধে কাদের মোল্লার যাবজ্জীবন কারাদন্ড হয়। এরায় মেনে নেয়নি কিছু ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্টরা।

এদেরই একজন ডা. ইমরান এইচ সরকার ওই দিন দুপুর ১২টা ১৭ মিনিটে ফেসবুকে স্ট্যাটাস দেন - শাহবাগে একটা সমাবেশ ও গণমিছিল হবে, শাহবাগ মোড়ে, ৩টা ৩০ মিনিটে। দু’টি ব্যানার নিয়ে ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্টরা দাঁড়িয়ে যান শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে।

ফেসবুক থেকে তাদের সঙ্গে যোগ দেন শতাধিক মানুষ। বিকেল ৪টায় শুরু হয় মিছিল। ফেসবুকের সূত্র ধরে এরই মধ্যে ব্রেকিং নিউজ হিসেবে ছবিসহ সংবাদ প্রকাশ করে দেশের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলো।

আন্দোলন ছড়িয়ে পড়ে দেশজুড়ে। আন্তর্জাতিক ভাবে গড়ে উঠতে শুরু করে স্বাধীনতাবিরোধীদের ফাঁসির দাবিতে জনমত। আজ সেই ঐতিহাসিক দিন। গণজাগরণের ২ বছর। দিনটিকে গণজাগরণ দিবস হিসেবে উদযাপন করছে গণজাগরণ মঞ্চ।



দিবসটি উপলক্ষে দেশজুড়ে চলমান সহিংসা বন্ধের আহ্বানে প্রজন্ম চত্বরে অবস্থান কর্মসূচি পালন করবে গণজাগরণ মঞ্চ। এ প্রসঙ্গে ডা. ইমরান এইচ সরকার জাগো নিউজকে বলেন, দেশজুড়ে স্বাধীনতাবিরোধীদের যে সহিংসতা অব্যাহত আছে। যখন আমরা ঘর থেকে বের হচ্ছি তখন গভীর অনিশ্চয়তা আর স্বজন হারানোর মাতম দেশজুড়ে। যে মুক্ত-স্বাধীন দেশ আমার বোন মাইশাদের জন্য নিরাপদ নয় সেই দেশে নিজেদের নিরাপত্তার কথা ভেবে কি লাভ? হয় পুরো জাতি নিরাপদ থাকবে নাহলে সবাই মৃত্যুর মতো চিরন্তন সত্যকে আলিঙ্গন করবো। অন্তত আমার সে প্রস্তুতি আছে।

তিনি আরও বলেন, যে জাতি ৩০ লক্ষ শহিদের রক্তের উপর দাঁড়িয়ে, তারা এভাবে কাপুরুষের মতো পরাজিত হবে; ভাবতেই ঘেন্না লাগে! নিশ্চয়ই আমরা পরাজিত হবো না। আমি আবারো সকল বিভেদ ভুলে ঐক্যের ডাক দিলাম। এই ডাক দেশ ও মানুষ বাঁচানোর। এই ডাক চূড়ান্ত মুক্তির।

এএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।