সন্ত্রাস মোকাবেলায় সফল হবো : প্রধানমন্ত্রী


প্রকাশিত: ০৯:১৮ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৫

সন্ত্রাস-জঙ্গিবাদের কাছে আমরা মাথানত করব না। বিএনপি-জামায়াত জোট যেন দেশের মানুষের বিরুদ্ধেই ‘যুদ্ধ’ ঘোষণা করেছে। ঠিক একাত্তরের মুক্তিযুদ্ধে এ ধরনের ঘটনা আমরা দেখেছিলাম। একই কায়দায় এবারও হত্যা করা হচ্ছে সাধারণ মানুষকে। শনিবার সকালে আন্তর্জাতিক রোটারি শান্তি সম্মেলন উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের চলমান আন্দোলনকে ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ’ আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন ইনশাল্লা আমরা তাদের মোকাবেলায় সফল হব।

তিনি বলেন, বিএনপি-জামায়াতের পেট্রলবোমায় মানুষ হত্যা ও নাশকতার আন্দোলনে এ পর্যন্ত অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছেন। আহত অবস্থায়  হাসপাতালে কাতরাচ্ছেন আরো কয়েক শতাধিক মানুষ।

দশম জাতীয় সংসদ নির্বাচনকালীন সময়ের তথ্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সে সময়ও ত্রাসের রাজত্ব কায়েম করেছিল বিএনপি-জামায়াত। মহাসড়কের গাছ কেটে ফেলেছিল তারা। পুলিশ-বিজিবিসহ আইন-শৃঙ্খলা বাহিনীর ২০ সদস্য তাদের হামলায় নিহত হয়েছিল। আবার তারা একই কায়দায় ধ্বংসযজ্ঞ শুরু করেছে।

তিনি আরও বলেন, শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না। প্রাথমিক ও জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার কারণে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস জন্মেছে। যার কারণে এসএসসিতে গত বছর ৯৩ ভাগ পাশ করেছে। আমাদের টার্গেট আগামীতে ৯৮ ভাগ শিক্ষার্থী পাশ করবে এই আশা রাখি।

এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।